Putin on India Visit। প্রিয় বন্ধু মোদীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি

Spread the love

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে আসতে চলেছেন বলে কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল। আর এবার এই সফরের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পুতিন। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পুতিন বলেন, তিনি ভারত সফর এবং তাঁর ‘প্রিয় বন্ধু’ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন। পুতিন বলেন, ‘আমি ডিসেম্বরের শুরুতে ভারত সফরের অপেক্ষায় রয়েছি এবং আমি আমার প্রিয় বন্ধু, আমাদের বিশ্বস্ত অংশীদার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার বৈঠকের জন্য অপেক্ষায় রয়েছি।’ এর আগে জানা গিয়েছিল যে পুতিন এই বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী মোদীর সাথে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। তাঁর ভারত সফরের লক্ষ্য হবে, মার্কিন শুল্কের আবহে ভারত-রুশ কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।

এদিকে ভারতের ওপর শুল্ক চাপানোর ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিন বলেছেন, রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করবেন না, কারণ ভারত কখনও কারও অপমান মেনে নেবে না। কৃষ্ণ সাগরের রিসোর্ট শহর সোচিতে ভালদাই ডিসকাশন গ্রুপে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, ‘ভারতের মতো একটি দেশ কারও সামনে কখনই অপমানজনক পরিস্থিতি মেনে নেবে না। আমি প্রধানমন্ত্রী মোদীকে চিনি। তিনি নিজেও এ ধরনের কোনও পদক্ষেপ নেবেন না।’

তাঁর ভাষণে ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা, ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং বিশ্ব জ্বালানি বাজারের অস্থিতিশীলতার মতো বিষয়গুলি উত্থাপন করেন পুতিন। পুতিন সাফ জানিয়েছেন, ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়, তাহলে তাঁদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে পুতিনের অবস্থানকে দুর্বল করতে মরিয়া হয়ে উঠেছেন। এর জন্য রাশিয়ার তেল কেনা বন্ধ করতে ইউরোপ, ভারত ও চিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। রাশিয়ান প্রেসিডেন্ট এর পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার জ্বালানি সরবরাহ বন্ধ করা হলে বিশ্ব অর্থনীতি গভীর সংকটে পড়বে এবং অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে পৌঁছাবে।

পুতিন আরও বলেন, ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থ প্রদানের সমস্যাগুলি ব্রিকস ফোরাম বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে সমাধান করা যেতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধের আবহে ‘শান্তি প্রচেষ্টার’ জন্য ব্রিকস ও আরব দেশগুলোর পাশাপাশি উত্তর কোরিয়া ও বেলারুশকে তাদের ধন্যবাদ জানান পুতিন। এদিকে ইউক্রেন সংঘাত প্রসঙ্গে পুতিন বলেন, ন্যাটোর সব দেশ আমাদের বিরুদ্ধে লড়াই করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *