Soma Thakur Accident। শান্তনু ঠাকুরের স্ত্রী তথা BJP প্রার্থী সোমার গাড়িতে ধাক্কা বাইকের

Spread the love

শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়িতে ধাক্কা মারল বাইক। এদিকে সেই বাইক আরোহীর গায়ে তৃণমূলের গেঞ্জি ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন সেই বাইক আরোহী। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে বিজেপি। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই আবহে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ।

রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সোমা ঠাকুর। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সোমার গাড়ি। সেই সময় তাঁর গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি বাইক। ধাক্কায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। আহত হন তিনি। সেই আহত বাইক আরোহীকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর বাইক।

এই ঘটনার পরে বিজেপি প্রার্থী বলেন, ‘তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে । আমার সঙ্গে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার।’ এদিকে আহত বাইক আরোহী আবার দাবি করেছেন, তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। স্থানীয় ইটভাটায় কাজ করেন তিনি। ঘটনার পরে আহত বাইক আরোহী বলেন, ‘ইচ্ছা করে কেউ গাড়ির পিছনে ধাক্কা মারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুই করিনি আমি। এখন সব কিছুতেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে।’

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাগদা আসনে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরে তিনি দলবদল করে তৃণমূলে যান। পরে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা তৃণমূলের টিকিটে জয়ী হন। এবারও এই আসনে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা। আর বিজেপির প্রার্থী তাঁর বৌদি সোমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *