Sourav-Dona। দেখতে দেখতে ২৯ বছর পার! কলকাতায় সানা! বিয়ের জন্মদিন কীভাবে কাটালেন সৌরভ-ডোনা?

Spread the love

রবিবার ২২ ফেব্রুয়ারি ২৯ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। আর দুজনের বিয়ের উদযাপনের ছবি-ভিডিয়ো সামনে আসতেই, ভালোবাসায় ভরাল নেটপাড়া।একেবারে ঘরোয়া আয়োজনেই পালন হল বিয়ের জন্মদিন। ডোনাকে দেখা গেল প্রিন্টেট সালোয়ার, সঙ্গে সাদা রঙের ওড়না। আর সৌরভের গায়ে ছিল নীল রঙের টি-শার্ট। আর ট্রাউজার। সুদূর লন্ডন থেকে শহরে এসেছেন তাঁদের একমাত্র কন্যা সানাও। সৌরভের বিবাহবার্ষিকীতে দেখা গেল স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। ছিলেন সৌরভের নতুন বউদি অর্পিতাও।

দীর্ঘদিন ধরে অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। তাঁরও দেখা পাওয়া গেল ছেলে-বউমার এই বিশেষ দিনে সামিল হতে।

কেক কাটার ভিডিয়োটিতে দেখতে পাওয়া গেল, একে-অপরকে খাইয়ে দিচ্ছেন। আর মা-বাবার ভিডিয়ো নিচ্ছে সানা। এরপর মাকে কেক খাইয়ে দেন সানা। সৌরভ ও ডোনাকে কেক খাওয়ান স্নেহাশিস-অর্পিতাও।সৌরভ ও ডোনার প্রেমকাহিনি কোনো সিনেমার চেয়ে কম নয়। পাশাপাশি দুজনের বাড়ি। ডোনা জানিয়েছিলেন তিনি বারান্দা থেকেই দেখতেন যে, পাশের বাড়িতে একটা ছেলে উঠোনে-বাগানে ব্যাটবল খেলছে। এরপর একটু বড় হয়ে, একে-অপরকে প্রপোজ করেন। তারপর কলেজের পর বাড়ির লোককে লুকিয়ে দেখা করা।

পাশাপাশি দুই বাড়ি হলেও, কথা হত না। সৌরভ-ডোনার ভয় ছিল, বুঝি তাঁদের বিয়ের সিদ্ধান্তে পরিবারের অমত হতে পারে। তাই সকলকে না জানিয়েই, করে ফেলেন রেজিস্ট্রি। যদিও ব্যাপারটা জানাজানি হতে সময় নেয়নি।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায় ১৯৯৬ সালের ১২ আগস্ট পরিবারের অমতে লুকিয়ে আইনি বিয়ে করেছিলেন। আইনি বিয়ের পরই সৌরভ শ্রীলঙ্কায় যান। জাতীয় দলের হয়ে খেলতে। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে খেলছিল সিঙ্গার কাপ। সেই টুর্নামেন্টে খেলতে চলে যান মহারাজ। কিন্তু ব্যাপারটা একেবারেই চাপা থাকেনি। টুর্নামেন্টের মাঝে একটি সংবাদপত্রে সৌরভ-ডোনার লুকিয়ে বিয়ের খবর ছাপা হয়। খুব স্বভাবিকভাবেই খবর দেখে রেগে যান সৌরভের বাবা প্রাক্তন সিএবি সচিব চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়। তিনি ফোন লাগান সৌরভকে। কোনো রকমে বাবাকে শান্ত করেন দাদা। জানান বাড়ি এসে সব খুলে বলবেন।

আসলে সেই সংবাদপত্রের কাছে সৌরভ ও ডোনার বিয়ের খবর ফাঁস করে দিয়েছিলেন স্বয়ং ম্যারেজ রেজিস্ট্রার। যাই হোক, পরে বিয়ে মেনে নেয় দুই পরিবারই। আর বেশ ধুমধাম করেই ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি সামাজিক বিয়েটা হয়েছিল। ২০০১ সালে তাদের কন্যা সানার জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *