‘দাদাগিরি’র মঞ্চ কাঁপিয়ে আসার পর সঞ্চালক হিসেবে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী কেমন করেন তাই নিয়ে ছিল তুমুল আগ্রহ। ক্রিকেট ময়দানে সর্বদা ঠান্ডা মাথায় নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে এসেছেন। কিন্তু, তিনি কি সামলাতে পারবেন বিগ বস-এর বাড়ি? কারণ এই বাড়ির সঙ্গে ক্রিকেটের ময়দানের কিছুটা হলেও মিল আছে বৈ কি! বিগ বস হাউসে প্রতিনিয়ত প্রতিযোগীদের মধ্যে তৈরি হচ্ছে ইগোর দ্বন্দ্ব, পছন্দ-অপছন্দের বিবাদ, মুহূর্তে বদলে যাচ্ছে ইক্যুয়েশন। ৩০শে আগস্ট থেকে শুরু হওয়া বিগ বস বাঙলা সিজন ৩-এর প্রথম সপ্তাহ পূরণ হল গত শনিবার। উইকেন্ড এপিসোডে সেই সবকিছুরই উত্তর মিলল।

বিগ বস-এর তৃতীয় সিজনের প্রথম সপ্তাহটা উত্তেজনাপূর্ণভাবে কাটিয়েছেন প্রতিযোগীরা। তাই, প্রথম সপ্তাহেই পরিস্থিতি সামলানোর পরীক্ষা দিতে হয়েছে দাদা ওরফে সৌরভ গাঙ্গুলীকে। তাঁর ওয়ার্নিং-এ যেমন রয়েছে দৃঢ়তা, তেমনই তাঁর প্রশ্ন প্রতিযোগীদের যথেষ্ট অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়েছে। এমনকী পরিস্থিতি যখন তীব্র উত্তেজনার দিকে গিয়েছে, তখনও কথোপকথনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন তিনি।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর রাগ প্রকাশের ধরন। গলার স্বর চড়ানো বা অযথা উত্তেজিত হয়ে ওঠার বদলে, দাদার কয়েকটি কথা এবং তাঁর দেওয়া সতর্কীকরণ বার্তাই অনেক সময় যথেষ্ট কাজে দিয়েছে। বরং তাঁর শান্তভাবে বলা কথা বা সকলের কথা মন দিয়ে শোনা এগুলিই তার সঞ্চালন ক্ষমতাকে সফল করেছে। আর এখানেই আবারও মনে পড়ে যায় ক্রিকেট মাঠের সেই সৌরভ গাঙ্গুলীকে। চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝে, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাঁর অন্যতম বড় শক্তি ছিল।
কোনও প্রতিযোগীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হোক, জবাব চাওয়া হোক কিংবা কোনও বিবাদকে সরাসরি অ্যাড্রেস করা— বিগ বস-এর ঘরেও সেই একই লিডারশিপ কোয়ালিটির ছাপ দেখা যাচ্ছে, যা একসময় ক্রিকেট মাঠে তাঁর অধিনায়কত্বকে আলাদা করে তুলেছিল।
প্রতিযোগীরা নিজেদের কৌশল নিয়ে গেম খেলছেন ঠিকই। কিন্তু উইকেন্ড এপিসোড আরও আকর্ষণীয় করেছে। সামনে এনেছে— এমন একজন হোস্ট, যিনি খুব কাছ থেকে গেমটা লক্ষ্য করছেন এবং প্রয়োজন হলে যারা গেম খেলছে, তাদেরই প্রশ্ন করতে পিছপা হচ্ছেন না।
মঞ্চ বদলেছে, খেলা বদলেছে, কিন্তু ক্যাপ্টেনের দক্ষতা একইভাবে লক্ষিত। আর Bigg Boss Bangla-র বাড়ির সমীকরণ যতই অনিশ্চিত হয়ে উঠছে, ততই নজর থাকছে সৌরভ গাঙ্গুলীর পরবর্তী Weekend interaction-এর দিকে।
তৃতীয় সিজন-এর প্রথম সপ্তাহান্তেই একজন প্রতিযোগীকে বিগ বস-এর বাড়ি ত্যাগ করতে হয়েছে। তাই, সবার নজর পরের সপ্তাহান্তের দিকে। পরবর্তী উইকেন্ডে দাদার দরবারে এবার কার পালা সেটা দেখার অপেক্ষায় সবাই।