Sourav on Gambhir’s real test। সাদা বলে গম্ভীরের ‘আসল পরীক্ষা’ তো পরের বছর

Spread the love

প্রথম ভারতীয় কোচ হিসেবে দুটি আইসিসি ট্রফি জিতেছেন। ২০২৫ সালে জিতেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর দিনকয়েক আগে জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে এখনও ‘আসল পরীক্ষার’ মুখে বসতে হয়নি। সেই ‘পরীক্ষায়’ বসতে হবে আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের সময়। সেইসঙ্গে টেস্টেও গম্ভীরদের পারফরম্যান্স ভালো করতে হবে বলে জানিয়েছেন সৌরভ।

গম্ভীর কি পারবেন? কী মত সৌরভের?

সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় সাদা বলে ওর আসল পরীক্ষা হবে। ওর পরীক্ষা নেবে ওখানকার পরিবেশ। কিন্তু আমি আত্মবিশ্বাসী, ওর হাতে যে দল আছে, তাতে ও সফল হবে।’ উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় ৫০ ওভারের বিশ্বকাপ আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেটাই হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ আইসিসি টুর্নামেন্ট। ২০২৩ সালের ১৯ নভেম্বর হৃদয়ভঙ্গের পরে ২০২৭ সালে বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত, বিরাট-সহ পুরো টিম ইন্ডিয়া।

তারইমধ্যে আপাতত গম্ভীরদের ফোকাস থাকবে টেস্ট ক্রিকেটের দিকে। গম্ভীরের আমলে ভারতের টেস্ট দলের পারফরম্যান্স একেবারে তলানিতে ঠেকে গিয়েছে। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে ঘূর্ণি উইকেট বানিয়ে তাতে হেরে যাওয়ার কাঁটায় বিদ্ধ হয়েছেন গম্ভীর। হেরেছেন অস্ট্রেলিয়ায় গিয়েও। তবে তারপরও গম্ভীরের উপরে আস্থা রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।ঘূর্ণি উইকেট নয়, ভালো উইকেটে জোর দাও, গম্ভীরকে পরামর্শ সৌরভের

সেই রেশ ধরে সৌরভ বলেছেন, ‘লাল বলের ক্রিকেটে ওকে আরও উন্নতি করতে হবে। আর সেটা করার উপায় হল যে উইকেটের (পিচের) বিষয়ে কম ভাবতে হবে। নিজের মাথা থেকে পিচের বিষয়টা ঝেড়ে ফেলতে হবে। ইংল্যান্ড সিরিজের কথাই ভাবুন। ও পিচ নিয়ে কিছু করতে পারেনি। আর আপনি ফলাফল দেখুন (ইংল্যান্ডে গিয়ে ২-২ ড্র করেছিল ভারত)। দেশের মাঠে ওর টার্নারে খেলার দরকার নেই। ভালো উইকেটই ভালো ফলাফল নিয়ে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *