Special Trains। ইন্ডিগো বিমান বাতিলের আবহে হাওড়া-নয়াদিল্লি ও শিয়ালদা-মুম্বই স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল

Spread the love

ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় রেলের তরফ থেকে বড় পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। সঙ্গে প্রিমিয়াম ট্রেনে জুড়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত কোচ। এই আবহে যাত্রীদের সুবিধার্থে হাওড়া থেকে নয়াদিল্লি, শিয়ালদা এবং মুম্বইয়ের লোকমান্য তিলকের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ৮ ডিসেম্বর ০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল হাওড়া থেকে বেলা ১১টায় ছাড়বে। ১০ তারিখ ০৩০১০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি নয়াদিল্লি থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে পরের দিন দুপুর ১টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। ট্রেনটি বাংলার বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে থামবে। এদিকে ০৩১২৭ শিয়ালদা থেকে লোকমান্যতিলক স্পেশাল ট্রেনটি আগামী ৮ ডিসেম্বর ১১ টা ১০ মিনিটে ছাড়বে। ১১ ডিসেম্বর ০৩১২৮ লোকমান্য তিলক থেকে শিয়ালদাগামী স্পেশাল ট্রেনটি সকাল সাড়ে ৬টা নাগাদ থেড়ে পরদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শিয়ালদা পৌঁছবে। ট্রেনটি বাংলার নৈহাটি, ব্যাণ্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। এদিকে রেলের তরফ থেকে জানানো হয়েছে, গোরক্ষপুর থএকে আনন্দ বিহার টার্মিনার পর্যন্ত এক জোড়া স্পেশাল ট্রেন (০৫৫৯১/০৫৫৯২) চালানো হবে ৭ এবং ৯ ডিসেম্বর। এছাড়া নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি সুপারফাস্ট স্পেশাল (০৪০০২/০৪০০১) ট্রেন ছুটবে ৭ ডিসেম্বর।

৩৭টি প্রিমিয়াম ট্রেনে ১১৬টি বাড়তি কামরা সংযোজন করেছে রেল। এই নিয়ে রেল মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, যে সব রুটে চাহিদা বেশি, সেগুলিতে অতিরিক্ত চেয়ার কার এবং স্লিপার কোচ জুড়েছে রেল। ডিভিশনগুলির মধ্যে সবচেয়ে বেশি ১৮টি ট্রেনে কোচ জুড়েছে দক্ষিণ রেল। এদিকে উত্তর রেল আটটি ট্রেনে বাড়তি থার্ড এসি এবং চেয়ার কার কোচ জুড়েছে। এদিকে পশ্চিম রেল ৪টি ট্রেনে অতিরিক্ত থার্ড এসি এবং ২ টায়ার কোচ জুড়েছে। পূর্ব রেল বিহার-দিল্লি রুটে একটি ট্রেনে বাড়তি ২ এসি কোচ জুড়েছে। এছাড়াও আরও তিনটি ট্রেনে অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ জুড়েছে পূর্ব রেল। এদিকে ইস্টকোস্ট রেল ভুবনেশ্বর-নয়াদিল্লি রুটে একাধিক ট্রেনে বাড়তি ২ এসি কামরা জুড়েছে। এদিকে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল ২টি গুরুত্বপূর্ণ ট্রেনে বাড়তি থার্ড এসি এবং স্লিপার কোচ জুড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *