Suvendu on West Bengal History: পশ্চিমবঙ্গে গত ১৫ বছর ‘জামাতি সরকার’ ক্ষমতায় ছিল বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বলিদান’ দিবসে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মাল্যদান করেন। পরবর্তীতে হাজরা মোড়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে নাম না করে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি দাবি করেন, অতীতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বলিদান’ দিবসে রক্তদান শিবিরের আয়োজন দেওয়া হত না। সেই নির্দেশ নাকি স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা তৎকালীন মুখ্যমন্ত্রী দিতেন।
মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
তবে মমতার নাম সরাসরি করেননি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী। মমতাকে কটাক্ষ করে বলেন, যিনি তাঁর কাছে দু’বার হেরে গিয়েছেন। সেইসঙ্গে জেলে থাকা এক পুলিশ অফিসারের কথাও বলেন। কারও নাম না করলেও সংশ্লিষ্ট মহলের ধারণা, মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার কথা বলতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। যাঁর নামে একাধিকবার অভিযোগ করেছিলেন তিনি।
কী কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
১) মুখ্যমন্ত্রী: শ্যামাপ্রসাদের আদর্শে চলবে বিজেপি সরকার। তিনি যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করা হবে।
২) মুখ্যমন্ত্রী: পশ্চিমবঙ্গের সৃষ্টির ইতিহাস পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।
৩) মুখ্যমন্ত্রী: এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবসের বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল। ৩৪ বছর কমিউনিস্ট সরকার এবং ১৫ বছর দুর্নীতিগ্রস্ত ও জামাতি সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে রেখেছিল।
৪) মুখ্যমন্ত্রী: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু রহস্যে পরিপূর্ণ ছিল। চক্রান্ত করে হত্যা করা হয়েছিল। কাশ্মীরকে ভারতের সঙ্গে রাখার দাবি তুলেছিলেন। স্লোগান তুলেছিলেন ‘এক দেশ, এক আইন, এক পতাকা’-র। তাই তাঁকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছিল।
৫) মুখ্যমন্ত্রী: নেশনস ফার্স্ট মন্ত্রে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাব।
৬) মুখ্যমন্ত্রী: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে বাঙালি হিন্দু সমাজ চিরকৃতজ্ঞ থাকবে।
