টলিউডের ‘পাওয়ার হাউস’ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়। কিন্তু পর্দায় তাঁর সাহসী মেজাজের আড়ালে যে এক অত্যন্ত সংবেদনশীল মা লুকিয়ে আছেন, তা ফের প্রমাণ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। মেয়ে অন্বেষার জন্মদিনে সমাজমাধ্যমে এক দীর্ঘ এবং আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। যেখানে ‘মানি ডার্লিং’-এর জন্য় নায়িকা এঁকে দিলেন এক রূপকথার পৃথিবী।
দীর্ঘদিন যাবত বিদেশ-বিভুঁইতে রয়েছে মেয়ে, মানিকে (মেয়েকে এই নামেই ডাকেন) মিস করেন স্বস্তিকা। তবে মেয়ের স্বপ্নপূরণে কোনও খামতি রাখেননি অভিনেত্রী। আরও একটা জন্মদিন মেয়ের পাশে নেই তিনি। তবে দূর থেকেই অন্বেষাকে ভালোবাসায় মুড়ে দিলেন নায়িকা। স্বস্তিকা লিখেছেন, ‘পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ তুই।’ পেশার ব্যস্ততা সরিয়ে রেখে মেয়ের সঙ্গে বিশ্বভ্রমণ, সূর্যোদয় দেখা, আর পেট ফেটে যাওয়ার মতো হাসিতে মেতে ওঠার যে অঙ্গীকার স্বস্তিকা করেছেন, তা যেকোনো মায়ের কাছেই পরম পাওনা। তাঁর লেখায় ফুটে উঠেছে অজানাকে চেনার অদম্য ইচ্ছে— ঠিক যেমনটা স্বস্তিকা নিজে।
অন্বেষাকে জীবনের দিগন্ত ছোঁয়ার সাহস দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘মা সবসময় তোর পাশে থাকবে, তোর হাতটা শক্ত করে ধরে থাকবে সারাজীবন।’ চিঠিতে তিনি ছিটিয়ে দিয়েছেন জাদুর ধুলো আর একরাশ ফুলের শুভেচ্ছা। মা-মেয়ের এই নিবিড় রসায়ন দেখে মুগ্ধ নেটপাড়া।
কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে অন্বেষা। তারপর তাঁর প্রাণের শহর লন্ডনে পছন্দের চাকরিও পেয়েছেন। এই তারকা সন্তানকে নিয়ে দর্শকমনে কৌতুহল বরাবর। অন্বেষাও নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে রাখঢাক রাখেন না। একটা সময় কলকাতার ছেলে শ্লোক চন্দনের সঙ্গে সম্পর্কে ছিলেন অন্বেষা। লং ডিসট্যান্ট প্রেম টেকেনি। আপতত লন্ডনের এক হ্য়ান্ডসাম পুরুষের প্রেমে পড়েছেন অন্বেষা। তাঁদের সম্পর্কের বয়স এক বছর। ২০২৫ সাল থেকে নিয়মিত কপল ছবি দেন অন্বেষা।অন্বেষার প্রেমিকের নাম ড্যান। দুজনে সমবয়সী। পড়াশোনার সূত্রেই আলাপ। একসঙ্গে ছুটি কাটানোর মিষ্টি মুহূর্ত প্রায়ই নিজের ইনস্টার পাতায় তুলে ধরেন অন্বেষা। মেয়ের প্রেমিকের ছবিতে মন্তব্য় করতে ভোলেন না স্বস্তিকাও। আসলে এই মা-মেয়ের সম্পর্কটা একদম অন্যরকমের। দুজনে পরস্পরের বেস্ট ফ্রেন্ড। ড্যানকে বাঙালি রীতিনীতির সঙ্গে ভালোই পরিচয় করিয়েছেন অন্বেষা। দুর্গাপুজোয় পাঞ্জাবি-পাজামাতে পোজ দেন ড্যান।
