TMC MP on Party’s Future: তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ ঘিরে বঙ্গ রাজনৈতিক মহলে চর্চা এখন তুঙ্গে। এরই মাঝে দলেরই এক সাংসদের মন্তব্যকে কেন্দ্র করে বেড়েছে জল্পনা, দানা বেঁধেছে বিতর্কের। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় দাবি করেছেন, আর কয়েক দিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে।
সাক্ষাৎকারে সুখেন্দু শেখর রায় বলেন, সাম্প্রতিক সময়ের নানা ঘটনার কারণে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছে। তাঁর দাবি, শুধু পশ্চিমবঙ্গেই নয়, জাতীয় স্তরেও তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে গিয়েছে। ভবিষ্যতে অন্য কোনও রাজনৈতিক দল তৃণমূলের সঙ্গে জোট করতে আগ্রহ দেখাবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের অন্দরে অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। একাধিক নেতা ও সাংসদ প্রকাশ্যে দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। সেই প্রেক্ষিতেই সুখেন্দু শেখর রায়ের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের সময় থেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সখেন্দু। পরে অবশ্য ফের দলীয় সাংসদদের সঙ্গেই সংসদ ভবনের বিভিন্ন কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে এরই মাঝে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। সুখেন্দুর পিতার প্রশংসা শোনা গিয়েছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। মালদা জেলাকে ভারতের সঙ্গে যুক্ত রাখার ক্ষেত্রে সুখেন্দু শেখর রায়ের বাবার বড় অবদান ছিল। সেই বিষয়টিকেই স্বীকৃতি দিয়েছে বিজেপি।

এই আবহে গতকালের সাক্ষাৎতকারে তৃণমূলের রাজ্যসভা সদস্য উল্লেখ করেন, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিষয়টি। তাঁর অভিযোগ, এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছিল, দলীয় নেতৃত্ব তা সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। এর ফলে মানুষের ক্ষোভ আরও বেড়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। এছাড়াও দলের সাংগঠনিক পরিস্থিতি এবং দুর্নীতির অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের এই সাংসদ। সাম্প্রতিক সময়ে দলের মধ্যে একাধিক মতবিরোধ, পদত্যাগ এবং প্রকাশ্য অসন্তোষ সামনে এসেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও সুখেন্দু শেখর রায়ের এই মন্তব্যের পর এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। তবে এর আগে বিভিন্ন বেসুরো তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে ‘গিরগিটি’ নামক একটি কবিতা লিখে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।