রেলের পরিষেবায় একগুচ্ছ সংস্কার নিয়ে আসছে ভারতীয় রেল। এদিন দুপুরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো রেল ঘিরে নয়া পদক্ষেপগুলি নিয়ে বক্তব্য রাখেন। রেলের টিকিট বুকিং এ স্বচ্ছ্বতা, ফ্রেট মুভমেন্ট সহ একাধিক দিক নিয়ে সংস্কারের পথে হাঁটছে রেল। খুব শিগগিরই ভারতীয় রেল, ৫ টি গুরুত্বপূর্ণ সংস্কার দেখতে চলেছে বলেও জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণো।
রেলকে ঘিরে কেন্দ্র যে সমস্ত নতুন সংস্কারের বার্তা দিয়েছে, তার মধ্যে একটি হল ট্রেনের টিকিট বাতিল ঘিরে এবার নয়া নিয়ম আসছে। এবার থেকে যদি ট্রেনের টিকিট বাতিল করে রিফান্ড পেতে চান, তাহলে ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে ওই ট্রেনের টিকিট বাতিল করতে হবে। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময়ে ট্রেনটির টিকিট বাতিল করলে, রিফান্ড আসবে না।
মূলত, শেষ মুহূর্তে ট্রেনের টিকিট বাতিলের ফলে ট্রেনের সিট-র বন্দোবস্তে সমস্যা হয়ে থাকে। সেখানে স্বচ্ছ্বতা আনতেই রেলের এই পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
নয়া নিয়ম বলছে, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে ট্রেনের টিকিট বাতিল করলে রিফান্ড আসবে যাত্রী প্রতি ‘ফ্ল্যাট ক্যানসেলেশন ফি’ হিসাবে। তবে টিকিট বাতিল যদি ৭২ থেকে ২৪ ঘণ্টার ভিতরে হয় তাহলে ‘ স্ট্যান্ডার্ড পেনাল্টি উইন্ডো খুলবে’, রিফান্ড এক্ষেত্রে ট্রেনের টিকিটের দামের (ন্যূনতম ভাড়ার) ২৫ শতাংশ কাটা হবে। তবে টিকিট বাতিল ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে হলে, টিকিটের দামের (ন্যূনতম ভাড়ার) ৫০ শতাংশ ধার্য হবে। টিকিট বাতিল ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা পর হলে, আর কোনও রিফান্ড আসবে না।

এছাড়াও রেলের প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে লবণ ও যানবাহন পরিবহনে সংস্কার এবং রেল নির্মাণ প্রকল্পের মানোন্নয়নের পদক্ষেপ। সরকার যাত্রীদের ট্রেনে ওঠার স্থান পরিবর্তনের ক্ষেত্রে আরও বেশি নমনীয়তা দেওয়ার দিকেও মনোযোগ দিচ্ছে, বলে জানান বৈষ্ণো। নতুন টিকিট ব্যবস্থা অনুযায়ী, যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত নিজেদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। এছাড়াও, যাচাইকরণ প্রক্রিয়া উন্নত করতে এবং অপব্যবহার রোধ করতে তৎকাল বুকিংয়ের জন্য আধার-ভিত্তিক ওটিপি ব্যবস্থা চালু করা হয়েছে। এক্ষেত্র ওটিপি হবে প্রামাণ্য বিষয়।