WB 6th Pay Commission DA Update। বকেয়া ডিএ-র ১০ ভাগের ১ ভাগ দেওয়া হচ্ছে…

Spread the love

সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এদিকে একই দিনে বাজেট ঘোষণায় রাজ্যের তরফ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে কর্মচারীদের। তবে এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির বিষয়টিকে ‘ললিপপ’ হিসেবে আখ্যা দিলেন ডিএ আন্দোলনকারী ভাস্কর ঘোষ। এক বাংলাদ সংবাদমাধ্যমকে তিনি এই নিয়ে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এইভাবে ললিপপ ধরিয়ে আমাদের খুশি করতে পারবেন, কিন্তু তা হবে না। এই ডিএ ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করব।’

ভাস্কর ঘোষের বক্তব্য, ‘সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ডিএ বৃদ্ধির সম্পর্ক নেই। বর্তমানের হারে ৪০ শতাংশ বকেয়া ডিএ পাওয়ার কথা সরকারি কর্মীদের। সেখান থেকে ৪ শতাংশ দেওয়া হয়েছে। এটার পুরোটাই সরকারি কর্মীদের প্রাপ্য।’ প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। বাজেট ঘোষণার ফলে তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পান। রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য ডিএ-র ব্যবধান ছিল ৪০ শতাংশ। নতুন করে ৪ শতাংশ ডিএ বাড়ায় সেই ফারাক কমে দাঁড়াল ৩৬ শতাংশে। আর এই হিসেবেই ভাস্কর ঘোষের মতে, বকেয়া ডিএ-র ১০ ভাগের ১ ভাগই সরকারি কর্মীরা পাবেন এবারে।

উল্লেখ্য, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে হেরেছে রাজ্য সরকার। এই আবহে সরকারি কর্মীদের ডিএ দিতে হবে সরকারকে। ২০০৮ সাল থেকে যে ডিএ এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে। এর মধ্যে বকেয়ার ২৫ শতাংশ অর্থ মার্চের মধ্যেই মেটাতে হবে। এবং বাকি ৭৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মে মাসের ১৫ তারিখের মধ্যে বাকি বকেয়াও মিটিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *