এবার আর সিমকার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। শুধু হোয়াটসঅ্যাপ নয়, টেলিগ্রাম, সিগন্যাল মেসেজিং অ্যাপের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে। ডিজিটাল নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে ১ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে এবং সংস্থাগুলিকে এটি অনুসরণ করতে হবে। সরকারের মতে, এই অ্যাপগুলিকে সক্রিয় সিম কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, তাহলেই তা ব্যবহার করা যাবে। এর ফলে এটা নিশ্চিত করা যাবে যে হোয়াটসঅ্যাপের ব্যবহৃত নম্বরটি আসল এবং সক্রিয়। সিম খুলে ফেলা হলে বা তা নিষ্ক্রিয় হলে অ্যাপের পরিষেবাগুলি সেই ডিভাইসে কাজ করবে না।
সিম-বাইন্ডিং কি? আপনি যে মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই একই সিম সেই মোবাইলে সক্রিয় থাকা উচিত। যদি সেই সিমটি আপনার ফোনে না থাকে বা বন্ধ থাকে তবে হোয়াটসঅ্যাপ ঠিকমতো কাজ করবে না। এতদিন পর্যন্ত মেসেজিং অ্যাপে ৬ সংখ্যার ওটিপি প্রবেশ করে লগইন করার পর সিম না থাকলেও তা ব্যবহার করা যেত সেই ডিভাইসে। তবে নতুন নিয়মে পরিবর্তন সেই বিষয়টি বদলাতে চলেছে। এখন যে সিমের নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে লগইন করা হবে, তা সব সময় সেই ফোনে সক্রিয় থাকতে হবে। ডিজিটাল জালিয়াতি, ভুয়া নম্বরের অপব্যবহার এবং সাইবার অপরাধ প্রতিরোধে জোর দেওয়ার কারণে সরকার এই পরিবর্তন এনেছে। প্রতিটি অ্যাকাউন্ট ভেরিফায়েড সিমের সঙ্গে লিংক করা হলে প্রতারণামূলক ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা সহজ হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালেই কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের তরফ থেকে হোয়াটসঅ্যাপকে এই সিম বাইন্ডিং সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত ফেক হোয়াটসঅ্যাপ একাউন্ট কমাতে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এই প্রক্রিয়া শুরু হলে, যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে সেই নম্বরের সিম অবশ্যই স্মার্টফোনে রাখতে হবে। তা না হলে পুরোপুরি বন্ধ করা হবে ওই নির্দিষ্ট নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। উল্লেখ্য, প্রতারকরা যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সাধারণত সেই নম্বরের সিম ফোনে ব্যবহার করে না। হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করার পর ওই নম্বরের সিমটি নষ্ট করে দেয়। এর ফলে তদন্তকারী অফিসাররা অপরাধীকে ট্র্যাক করতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সিম বাইন্ডিং সাপোর্ট চালু করার নির্দেশ দেয়। সেই নির্দেশ পেয়ে Meta র তরফে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু হবে।
