প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘চলো পাল্টাই’ ছবিতে অভিনয় করে রাতারাতি সকলের প্রিয় একজন অভিনেতায় পরিণত হয়েছিলেন আরিয়ান। এরপর কাকাবাবু সিরিজে আরিয়ানের উপস্থিতি বারবার চমক দিয়েছে। কিন্তু এবার তিনি একজন অভিনেতা হিসাবে নয়, অন্য এক ভূমিকায় শুরু করতে চলেছেন নিজের জীবন।এই প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন আরিয়ান। তবে শুধুমাত্র পরিচালনা নয়, নিজের পরিচালিত ছবিতে অভিনয়ও করবেন তিনি। চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। ছবিটির নাম ‘ধুন’। তবে বাংলা নয়, হিন্দি ভাষায় আসতে চলেছে এই সিনেমা।
‘ধুন’ ছবিটি প্রযোজনা করছেন কৌশিক ভৌমিক অর্থাৎ আরিয়ানের বাবা। ডেড ট্যারান্টুলা প্রডাকশনের ব্যানারে তৈরি এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন আরিয়ান এবং শ্যাম ভট্টাচার্য। মূলত এই দুটি চরিত্রই সিনেমার মুখ্য দুই চরিত্র।
এই সিনেমাটি হতে চলেছে সাইকোলজিকাল থ্রিলার, যেখানে মাঝরাতে এক গাড়ির চালক একটি ছেলেকে লিফট দেয় তারপরেই তার সঙ্গে কী ঘটে তা নিয়ে এগোতে থাকে সিনেমার গল্প। তবে বড় পর্দায় নয়, সোশ্যাল প্লাটফর্মে সিনেমাটি মুক্তি দেবেন বলেই ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক।
প্রসঙ্গত, এই মুহূর্তে আরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত একজন অভিনেতা। কিছুদিনের মধ্যেই একটি হরর কমেডি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি যার পরিচালক শৌভিক দে। এই সিনেমায় আরিয়ান ছাড়াও অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্য। অভিনয় করতে দেখা যাবে দেবরাজ ভট্টাচার্যকেও।

আরিয়ান সর্বশেষ ছোট পর্দায় অভিনয় করেছিলেন ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে। সান বাংলার এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে বেশ ভালই জনপ্রিয় হয়েছিল। ধারাবাহিকে আকাশের চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান। সিরিয়ালে একজন ব্লগারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।