আইআরজিসির নৌপ্রধান তাংসিরিকে হত্যার দাবি ইসরাইলের

Spread the love

ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরাইল। আলিরেজা হরমুজ প্রণালী অবরোধের নেতৃত্বে ছিলেন।ইসরাইলের এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে এক বিমান হামলা চালিয়ে আলিরেজাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ইরান বা আইআরজিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথটি দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করার পর জলপথটির নিয়ন্ত্রণ নেয় আইআরজিসি।

২০১৮ সালে আলিরেজা তাংসিরি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি ২০১০ সাল থেকে আইআরজিসি নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই বছরের ১০ মার্চ থেকে তার নামে একটি এক্স অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে এবং ইরানের গণমাধ্যমগুলো এর পোস্টগুলো উদ্ধৃত করছে। পোস্টগুলোতে তিনি বেশ কয়েকবার হরমুজ প্রণালী সম্পর্কে লিখেছেন। অ্যাকাউন্টটিতে বলা হয়েছে যে, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সাথে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই’।

তাংসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার, যিনি অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন। ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে তিনি হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন।

২০১৯ সালে প্রণালীর কাছে ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করার পর তাংসিরিসহ অন্যান্য আইআরজিসি কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *