ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-কে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে ইসরাইল। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলোচনা সম্পর্কে অবগত পাকিস্তানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের যেসব কর্মকর্তার নাম হিটলিস্টে রেখেছিল ইসরাইল, তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং বাঘের গালিবাফের নামও ছিল। যুক্তরাষ্ট্রের মাধ্যমে এই দু’জনকে হত্যা না করতে ইসরাইল অনুরোধ করলে তারা এ দু’জনের নাম হিটলিস্ট থেকে সরিয়েছে।
সূত্র জানায়, আব্বাস আরাঘচি ও গালিবাফ এর অবস্থান সম্পর্কে ইসরাইলের কাছে তথ্য ছিল। পাকিস্তানি কর্মকর্তা জানান, আমরা বুঝাতে সক্ষম হয়েছি, এ দুজনকে লক্ষ্যবস্তু করা হলে সংলাপের জন্য আর কেউ ইরানে অবশিষ্ট থাকবে না। এর পর যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে এ দু’জনের নাম হিটলিস্ট থেকে বাদ দেয় ইসরাইল।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে পাকিস্তানের সামরিক ও পররাষ্ট্র দফতর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে এ বিষয়ে প্রথমে সংবাদ প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যটি জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখার অংশ হিসেবে ইরানের এই দুই শীর্ষ কর্মকর্তাকে ইসরাইলের হিটলিস্ট থেকে সাময়িকভাবে বাদ দেয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ওই দুই কর্মকর্তাকে চার থেকে পাঁচ দিনের জন্য তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, তবে এতে পাকিস্তানের কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।
ইরানের অন্যতম এই দুই শীর্ষ কর্মকর্তাকে নিয়ে এমন এক সময়ে এই সংবাদটি প্রকাশিত হলো, যখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকরী হিসেবে কাজ শুরু করেছে।