ইসরাইলের পক্ষে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা উগান্ডার সেনাপ্রধানের

Spread the love

ইসরাইলের পক্ষে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি বলেছেন, ইসরাইল যদি ধ্বংসের মুখে পড়ে, তবে তার দেশ সরাসরি তেল আবিবের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। ইসরাইলি গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের প্রতিবেদন মতে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক ধারাবাহিক বার্তায় উগান্ডার সেনাপ্রধান ইসরাইলের পক্ষে সমর্থন জানিয়েছেন।

এক পোস্টে তিনি বলেছেন, প্রয়োজন হলে উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্স ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়কেই সহায়তার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেছেন।

আরেক পোস্টে জেনারেল মুহুজি লিখেছেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই সংঘাতে ক্লান্ত। তবে ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো কথা আমাদের এই যুদ্ধে টেনে আনবে। আর আমরা থাকব ইসরাইলের পক্ষেই!’

উগান্ডার এই সামরিক কর্মকর্তা সরাসরি ইরানকে লক্ষ্য করেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তেহরান যদি আমাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার দুঃসাহস দেখায়, তবে আমরাও আমাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র দিয়ে তার সমুচিত জবাব দেব।

তার কিছু মন্তব্য বেশ মজার। যেমন তিনি এক পোস্টে (যা পরে মুছে ফেলা হয়) বলেছেন, উগান্ডার বাহিনী ‘কোনো বোমাবর্ষণ ছাড়াই ৭২ ঘণ্টার মধ্যে তেহরান দখল করতে সক্ষম।’

জেনারেল মুহুজি কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির ছেলে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্ব ব্যক্তিত্ব। ইসরাইলের ব্যাপারে তিনি তার এই অবস্থানকে ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা হিসেবেও তুলে ধরেন এবং ১৯৮০ ও ১৯৯০-এর দশকে উগান্ডার প্রতি ইসরায়েলের অতীতের সমর্থনের কথা উল্লেখ করেন।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো এসেছে, যার সূত্রপাত হয়েছিল ১৯৭৬ সালের এনতেবে অভিযানের সময় থেকে, যখন ইসরাইলি বাহিনী উগান্ডার প্রধান বিমানবন্দর থেকে জিম্মিদের উদ্ধার করেছিল।

এরপর একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে কাইনেরুগাবা সম্প্রতি সেই স্থানে অভিযানে নিহত ইসরাইলি কর্মকর্তা ইয়োনি নেতানিয়াহুর সম্মানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব দেন, যদিও উগান্ডা সরকার আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনাটি নিশ্চিত করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *