ইউক্রেনে ফের বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৮ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। মস্কোতেও পাল্টা আক্রমণ চালিয়েছে কিয়েভ। এদিকে, যুদ্ধকে ঘিরে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
শনিবার (১৪ মার্চ) রাতভর ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভ অঞ্চলসহ সুমি, খারকিভ, দনিপ্রো এবং মাইকোলাইভ– এই পাঁচ অঞ্চলে হামলা হয়। প্রায় ৪৩০টি ড্রোন ও ৬৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি কিয়েভের।
যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। হামলার মূল লক্ষ্য জ্বালানি অবকাঠামো হলেও, আবাসিক ভবন, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ, ব্রোভারি ও জাপোরিঝঝিয়াতেও হামলা চালানো হয়। এতে অনেকে হতাহত হন।
জবাবে রাশিয়ায় ড্রোন অভিযান চালায় ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত ১৬টি ইউক্রেনীয় ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

এছাড়া স্মোলেনস্ক, বেলগোরোদ ও কুরস্ক অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়। হামলার কারণে মস্কোর ডোমোদেদোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়।
এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কাউন্সিল জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২ হাজার ৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দসহ বিভিন্ন পদক্ষেপ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
একই সঙ্গে ইইউ কর্মকর্তারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা বাড়তে পারে।