কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালি

Spread the love

ঘূর্ণাবর্তের জেরে আগে থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি হয়েছিল। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। দশমীর দুপুরে হঠাৎই প্রবল বেগে ঝড় আছড়ে পড়ল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। কয়েক সেকেন্ডের ঝড়েই তছনছ হয়ে গেল দু’টি গ্রাম পাথরঘাটা ও হুলোপাড়া। শতাধিক বাড়ির টালি ও অ্যাসবেস্টস উড়ে গিয়েছে ঝড়ে। এছাড়া, ভেঙে পড়েছে অসংখ্য গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড় স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ড। কিন্তু তার দাপটে এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এক বাসিন্দা বলেন, ঝড়ের গতি এতটাই ছিল যে টিন ও অ্যাসবেস্টসের চাল কয়েক হাত দূরে গিয়ে পড়ে। এরকম ঝড় আগে কখনও দেখেননি তিনি। ঝড়ে ঘরবাড়ি ভাঙার পাশাপাশি আহত হয়েছেন একাধিক বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, অন্তত তিন থেকে চারজনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো।

ঝড়ের পর তৃণমূল বিধায়ক নিজে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে আশ্বাস দেন প্রশাসন তাঁদের পাশে থাকবে। তাঁর কথায়, প্রবল ঝড়ে একশোরও বেশি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম লক্ষ্য ত্রাণ পৌঁছে দেওয়া। সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে কীভাবে তাণ্ডব চালিয়েছে ঝড়। গাছ উপড়ে পড়েছে, কলাগাছ ভেঙে গিয়েছে, ছাদ উড়ে গিয়ে পড়েছে আশপাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *