কালবৈশাখীর ইনিংস শুরু! শুক্রবার থেকে প্রবল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে

Spread the love

ভোটের আঁচে তেতেপুড়ে যাচ্ছে বাংলা। এরমধ্যেই একটা দুর্যোগ কাটতে না কাটতেই আরও এক দুর্যোগের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্য। চৈত্র মাস পড়লেও গরমের নামমাত্র নেই। এই আবহে আরও বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একই সঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি বাদলার জোরাল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখীর হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। শুক্রবার বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং নদিয়াতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া, মুর্শিদাবাদ- এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে।

পশ্চিমাঞ্চলের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজও কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ও সোমবার অর্থাৎ ২৯ ও ৩০ মার্চ ঝড়ের দাপট কিছুটা কমবে। সোমবার পর্যন্ত বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আবহাওয়াবিদদের মতে, সোমবারের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ফের ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।এবার আসা যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ২৮ তারিখ থেকে আগামী ৬ দিন প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ২ এপ্রিল পর্যন্ত বৃষ্টি চলবে। বৃষ্টির কারণে পারদের তাপমাত্রা কমে যেতে পারে, ফলে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিছুটা ঠাণ্ডা অনুভূত হবে। এই সময়ে উত্তরবঙ্গে বেড়াতে গেলে ছাতা ও রেনকোট সঙ্গে রাখুন।

হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, ঝড়বৃষ্টির সময় বাড়ির ভিতরে থাকা, বড় গাছ বা খোলা স্থানে না যাওয়া নিরাপদ। বিদ্যুৎ সংযোগ, রাস্তার জল জমা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে দূরে থাকা জরুরি। শিশু, বৃদ্ধ এবং রোগীদের বাড়িতে নিরাপদে থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *