ক্রিসমাসেই মরশুমের ‘শীতলতম দিন’-র সাক্ষী ছিল কলকাতা। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই নজির ভেঙে গেল। ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ নেমে গিয়ে এই মরশুমে এখনও পর্যন্ত কলকাতার শীতলতম দিনের তকমা পেল ২৬ ডিসেম্বর। শুক্রবার সকালেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হল ১২.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি। সেটা একধাক্কায় ০.৮ ডিগ্রি কমে গেল। আর বুধবার থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রি কমে গেল। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি। শুধু তাই নয়, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। অর্থাৎ দিনেও বেশ ঠান্ডা থাকবে।
শনিবার কি আরও পারদ পতন হবে?
আপাতত আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে এখন মোটামুটি ঠান্ডা থাকছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘শনিবার থেকে (সর্বনিম্ন তাপমাত্রা) সামান্য বাড়তে পারে। তবে আগামী চার-পাঁচদিন (কলকাতার সর্বনিম্ন) তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে থাকবে। তাই শীত থাকছে এখন।’
বাধাহীনভাবে বইছে উত্তুরে হাওয়া, তাতেই শীতের দাপট
আবহবিদ জানিয়েছেন, আপাতত এমন কোনও ‘সিস্টেম’ নেই (নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝা বা অন্য কোনও সিস্টেম) , যা উত্তুরে হাওয়ার গতিপথে বাধা তৈরি করতে পারবে। আর বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে কলকাতার পারদ পতন হচ্ছে। সেই পরিস্থিতিতে আপাতত কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রাও (দিনের তাপমাত্রা) স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী।

১ জানুয়ারি পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
চলতি বছরের শেষে এবং নয়া বছরের শুরুতেই কলকাতার তাপমাত্রা কেমন থাকবে, ঠান্ডা কতটা পড়বে, তার আভাস ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১ জানুয়ারি পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, সেই তালিকা দেখে নিন-
১) ২৭ ডিসেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।
২) ২৮ ডিসেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।
৩) ২৯ ডিসেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।
৪) ৩০ ডিসেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।
৫) ৩১ ডিসেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি।
৬) ১ জানুয়ারি: সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি।