সকাল সকাল দুঃসংবাদ দিলেন সুদীপা চট্টোপাধ্যায়। হারালেন কাছের মানুষকে। মঙ্গলবার সঞ্চালিকা একটি আবেগঘন পোস্ট করেন। সেখানেই জানা যায় তিনি তাঁর ছোটো ননদকে হারিয়েছেন।সুদীপা মঙ্গলবার তাঁর প্রয়াত ননদের বেশ কিছু ছবি ভাগ করে নেন সমাজমাধ্যেমে। সেখানে কখনও তাঁর কোলে ছোট্ট আদিদেবকে (সুদীপার ছেলে) দেখা যায়। আবার কখনও দেখা যায়, তিনি সুদীপাকে খাইয়ে দিচ্ছেন। কখনও আবার সুদীপা ও তাঁর স্বামী তথা পরিচালক অগ্নিদেব চট্টপাধ্যায়ের সঙ্গে দেখা যায় তাঁকে।
আরও নানা মুহূর্তের ছবি পোস্ট করে সুদীপা ক্যাপশনে লেখেন, ‘ছোড়দি- তুমি আমাদের প্রতিটা হোলি, প্রতিটা দীপাবলিকে বিশেষ করে তুলেছিলে। পরিবারের নতুন সদস্যকে কীভাবে আদর-যত্ন করতে হয়, তা মানুষ তোমার কাছ থেকে শিখতে পারে। এই পরিবারে আমার শুরুর দিনগুলোতে তুমি যেভাবে আমাকে গ্রহণ করেছ এবং রক্ষা করেছ, তা তোমায় অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে। তুমি আমাদের হানিমুনেরও প্ল্যান করেছিলে। আমার সব অভিযোগ শোনার জন্য আমি আর কাকে ফোন করব? কথাগুলো দীর্ঘ আর ভারী হয়ে উঠছে, কারণ আমি কিছুই বলতে পারছি না, তোমার সুন্দর আত্মা শান্তিতে থাকুক। ওম শান্তি। ভালোবাসি, ছোড়দি।’সুদীপা এই পোস্ট করতেই অনুরাগীরা তাঁকে সমবেদনা জানিয়েছেন। একজন লেখেন, ‘অত্যন্ত মর্মান্তিক খবর। ওঁর আত্মা শান্তিতে থাকুক।’ আর একজন লেখেন, ‘শান্তিতে থাকুন!’
আসলে সুদীপার শেষ কয়েক সপ্তাহ বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই তাঁর স্বামী অগ্নিদেব হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রথমে শরীরে সামান্য অসুবিধে টের পাচ্ছিলেন অগ্নিদেব। তবে সেটাকে মাইগ্রেন ভেবে এড়িয়ে যান। তারপর প্রচণ্ড মাথাব্যথা হয়, বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করেন এবং ঠিক করে হাঁটতেও পারছিলেন না পরিচালক। এমনকী টলে পড়ে যাচ্ছিলেন। তাই সবটা দেখে শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে সুদীপা তাঁর স্বামীকে হাসপাতালে ভর্তি করান। তারপর হাসপাতাল থেকে পরিচালক ছাড়া পেলেও বাড়িতে যথেষ্ঠ সাবধানতা অবলম্বন করে থাকতে হচ্ছিল তাঁকে। আর এই সবের মধ্যেই সামনে আসে অগ্নিদেবের ছোড়দি প্রয়াত হয়েছেন। তাই সব মিলিয়ে সঞ্চালিকা যে বেশ কঠিন পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছেন তা বলাই বাহুল্য।
