বাণিজ্য চুক্তি নিয়ে ‘খেলা’ করলে শুল্ক আরও বাড়বে! হুমকি ট্রাম্পের

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, কোনো দেশ যদি সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে ‘খেলা’ করার চেষ্টা করে, তাহলে তাদের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক এক্স পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক গত সপ্তাহে বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। আদালত জানায়, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট এসব শুল্ক আরোপের ক্ষমতা রাখেন না।

এর পর ট্রাম্প নতুনভাবে ১০% বৈশ্বিক শুল্ক ঘোষণা করেন, পরে তা বাড়িয়ে ১৫% করেন। এই শুল্ক আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরে “ক্ষতিগ্রস্ত” করেছে এবং আদালতের রায়কে অজুহাত হিসেবে ব্যবহার করতে চায়, তাদের আরও বেশি শুল্কের মুখে পড়তে হবে।

তার কথায়, ‘যে কোনো দেশ যদি এই হাস্যকর সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে ‘খেলা’ করতে চায়—বিশেষ করে যারা বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে—তাদের ওপর সম্প্রতি যেসব শুল্কে তারা রাজি হয়েছে তার চেয়েও অনেক বেশি শুল্ক আরোপ করা হবে, আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুতরাং হুঁশিয়ার।’

মার্কিন সুপ্রিম কোর্টের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির অনুমোদন আপাতত স্থগিত রাখা হয়েছে। এদিকে ভারতও নির্ধারিত বৈঠক পিছিয়েছে। যুক্তরাজ্য বলেছে, তারা জানতে চাইছে আগের ১০% শুল্কের চুক্তি বহাল থাকবে কি না।

হোয়াইট হাউস বলছে, আদালতের রায় সত্ত্বেও তাদের বাণিজ্যনীতি বদলাবে না। ট্রাম্প এবার সেকশন ১২২ এবং সেকশন ৩০১–এর মতো অন্য আইন ব্যবহার করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছেন। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, নীতি একই থাকবে, শুধু আইনি পদ্ধতি বদলাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *