বড়পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এক সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন নায়িকা। গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে ভোটের ময়দানে লড়েছিলেন। কিন্তু ভোটে পরাজিত হন। তার পর থেকেই দূরত্ব বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে। এরপর অবশ্য নায়িকা তৃণমূলে ফেরেন। ধরা দেন ২১ জুলাইয়ের মঞ্চে। এবার নায়িকা কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সেই প্রসঙ্গে মুখ খুলেছেন।
নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, ‘আমি বরাবরই বাংলা মেয়ে। আমাকে সেই শিবির থেকে সুযোগ দেওয়া হয়েছিল তাই আমি গিয়েছিলাম। আলাদা করে আমার কারুর ব্যাপারে কোনও নেতিবাচকতা নেই।’
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ই কি শ্রাবন্তীর তৃণমূলে যোগ দেওয়ার কারণ। এই প্রশ্নে নায়িকা বলেন, ‘আমি বরাবরই ছিলাম। আমি অনেক আগে থেকেই দিদির নানা অনুষ্ঠানে যাই। আমি বাংলার মেয়ে। তাই ওরম আলাদা করে জয়েন করার তো কোনও ব্যাপার নেই। আমার কাছে দিদি মাতৃতুল্য। তাঁকে আমি সম্মান করি। তাঁর আমন্ত্রণে আমি নানা অনুষ্ঠানে গিয়েছি। আমাকে বলা হয়েছে আমি গিয়েছি, আমি সেখানে সকলের থেকে সম্মান পেয়েছি। ব্যস আর কী।’ গুঞ্জন এবার নাকি শ্রাবন্তীকে ভোট যুদ্ধে ফের দেখা যেতে পারে তৃণমূলের প্রার্থী হিসেবে। কিন্তু তা আদৌ কি হবে? এই প্রশ্নের উত্তর দেবে সময়।
প্রসঙ্গত, সম্প্রতি নায়িকা কলকাতা পুলিশ সাইবার ক্রাইম শাখায় ইমেল করে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্র থেকে জানানো হয়েছিল, তাঁরা অভিযোগ গ্রহণ করেছেন। প্রতিনিয়ত শারীরিক গঠন নিয়ে তিনি যেভাবে কটাক্ষের সম্মুখীন হচ্ছিলেন তার জন্য অবশেষে এই সিদ্ধান্ত নিতেই বাধ্য হন অভিনেত্রী।

খুব সম্প্রতি একটি অনুষ্ঠানে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানের তালে তালে নাচ করতে দেখা দিয়েছিল অভিনেত্রীকে। কালো পোশাক পরিহিত শ্রাবন্তীর নাচ দেখে একাধিক কুরুচিকর মন্তব্য দেখা যায় সেই নাচের ভিডিওর কমেন্ট বক্সে। অভিনেত্রীর শারীরিক গঠন এবং নাচ নিয়ে মন্তব্য করেন অনেকেই। সেই ঘটনার জেরেই এবার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অভিনেত্রী।