পশ্চিমবঙ্গে এবার জঙ্গলরাজ শেষ হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তৃণমূল কংগ্রেসের ‘নির্মম সরকার’-কে উৎখাত করার জন্য বাংলা ও বাঙালি অস্মিতার উপরে জোর দিলেন। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজেপির সঙ্গে মহিষাসুরমর্দিনীর আশীর্বাদ আছে।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, শ্রীরামকৃষ্ণ পরহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবি, ঈশ্বরচন্দ্র, বাঘাযতীন, ক্ষুদিরাম বসু, রানি রাসমনির স্বপ্নের বাংলা গড়ে তুলবে বিজেপি।
মোদী আর কী কী বললেন?
১) মোদী: গতকাল তৃণমূল কংগ্রেস আপনাদের চোর বলে গালিগালাজ করেছে। কিন্তু আসল চোর কে, সেটা পশ্চিমবঙ্গের তামাম মানুষ খুব ভালোভাবেই জানেন।
২) মোদী: বাংলায় এখন আইন শাসনের নেই। কিন্তু আইনের শাসন শুরু হবে এবার। যে বা যারা আইন ভাঙবেন, তাকে বা তাদের চুন-চুনকে খুঁজে বের করা হবে।
৩) মোদী: তৃণমূল সরকার বাংলার যুবক-যুবতীদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলার যুবক-যুবতীরা অত্যন্ত পরিশ্রমী এবং মেহনতি। একটা সময় সবার আগে ছিল বাংলা। কিন্তু এখন বাংলার যুবক-যুবতীরা রাজ্যে না ডিগ্রি পাচ্ছেন, না পাচ্ছেন চাকরি। অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে তাঁদের।
৪) মোদী: নির্মম তৃণমূল সরকার শুধুমাত্র নিজেদের পকেট ভরিয়েছে। পড়ে থেকেছে উন্নয়নর কাজ। প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে তৃণমূল সরকার। এবার পরিবর্তনের সময় এসেছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় কাজ পাবেন যুবক-যুবতীরা। সেই স্বপ্নপূরণের গ্যারান্টি দিচ্ছে মোদী।
৫) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়ন না করার অভিযোগ তোলেন মোদী। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস গেলেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে।

৬) তৃণমূল কংগ্রেস গেলে তবেই বাংলায় সুশাসন আসবে, বললেন প্রধানমন্ত্রী মোদী।
৭) মোদী: অনেক আশা করে বামেদের সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ। বামেদের গুন্ডা-মাফিয়াদেরই নিজেদের দলে ভরতি করিয়ে নিয়েছে তৃণমূল।
সরকারি প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী
রাজনৈতিক কর্মসূচির আগে শনিবার সরকারি মঞ্চ থেকে মোট ১৮,৬৮০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেছেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ৪২০ কিলোমিটার মতো জাতীয় সড়ক প্রকল্পের (মূল্য ১৬,৯৯০ কোটি টাকা)। তাছাড়াও পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল ট্রেন, ‘অমৃত ভারত প্রকল্প’-র আওতায় নবরূপে সজ্জিত ছ’টি স্টেশন-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।