ফের চাঞ্চল্য়কর খবর মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। মাত্র ২৭ বছরেই চলে গেলেন অভিনেতা হরি মুরালি। লাল জোসের ‘রসিকন’ ছবিতে সেই মিষ্টি সংলাপ আর দুষ্টুমি ভরা অভিনয় আজও দর্শকদের চোখে ভাসে। কিন্তু বাস্তবের পর্দা নামল বড় অকালে। বৃহস্পতিবার সকালে পৈয়ানুরের বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা।
শৈশবেই জনপ্রিয়তার শিখরে:
থিয়েটার শিল্পী কে এ মুরালি এবং প্রসন্নার পুত্র হরির রক্তেই ছিল অভিনয়। ছোটবেলায় টিভি সিরিয়াল দিয়ে কাজ শুরু করলেও পরিচালক লাল জোসের ‘রসিকন’ ছবির হাত ধরে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। মামুট্টির ‘অন্নন থাম্পি’ (Annan Thampi), ‘পট্টনাথিল ভূতম’, মোহনলালের ‘মাদাম্বি’, ‘ডন’, ‘টু হরিহর নগর’-এর মতো প্রায় ৫০টি ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।
বিরতির পর নাদির শাহের ‘অমর আকবর অ্যান্থনি’ ছবিতে পৃথ্বীরাজের ভাইয়ের চরিত্রে অভিনয় করে আবারও নজর কেড়েছিলেন তিনি।
ভিএফএক্স দুনিয়ায় সাফল্য:
বড় হওয়ার পর হরি অভিনয় জগত থেকে কিছুটা দূরত্ব তৈরি করেছিলেন। তবে তিনি সিনেমা জগত ছাড়েননি। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ভিএফএক্স (VFX) এডিটিংকে। একজন দক্ষ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করছিলেন। বেঙ্গালুরু থেকে ভিজ্যুয়াল এফেক্টস এবং অ্যানিমেশনের ওপর বিএসসি করার পর তিনি এর্নাকুলামের একটি নামী সংস্থায় ভিএফএক্স আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। মালায়লাম সিনেমার অনেক প্রজেক্টেই তাঁর সৃজনশীল ছোঁয়া ছিল।

শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি:
খুব অল্প বয়স থেকেই ক্যামেরার সামনে দাপিয়ে অভিনয় করেছেন হরি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হরির বাবা কে এ মুরালি মালায়লাম থিয়েটারের এক পরিচিত মুখ। হরির কাকা বাবু আন্নুরও ইন্ডাস্ট্রির এক দক্ষ অভিনেতা (যাঁকে ‘ওরু ইন্ডিয়ান প্রণয় কথা’ ছবিতে ফাহাদ ফাসিলের বাবার চরিত্রে দেখা গিয়েছিল)। এমন একটি শিল্পী পরিবার থেকে আসা এক প্রতিভাবান যুবকের এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।
কেরলের পৈয়ানুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী এমন অভিমান বা অবসাদ গ্রাস করেছিল হরিমুরালিকে, যার জন্য তাঁকে আত্মহত্যার মতো চরম পথ বেছে নিতে হল— সেই উত্তরই এখন খুঁজছে পরিবার ও অনুরাগীরা
প্রাথমিকভাবে পৈয়ানুর বেবি মেমোরিয়াল হাসপাতালে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্য়রত চিকিৎসক। তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। দক্ষিণী ছবির এই উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির তাবড় ব্যক্তিত্বরা।