ইন্টারনেটে গল্পের গোরু যে শুধু গাছে ওঠে তা নয়, কখনও কখনও ডানা মেলে উড়ালও দেয়। আর সেই উড়ো খবরের শিকার হলেন জনপ্রিয় গায়িকা সাহানা বাজপেয়ী। গত কয়েকদিন ধরে নেটপাড়ার একাংশ দাবি করছে, অভিনেতা রজতাভ দত্ত ওরফে রনিদার ঘরণী নাকি সাহানা! এই আজব রটনায় এবার মেজাজ হারালেন গায়িকা। মজার ছলে প্রতিবাদ জানিয়ে করলেন এক বিস্ফোরক পোস্ট।
‘তোকে তো আমার সতীন বানিয়ে দিয়েছে!’
গুজবটি সাহানার কানে পৌঁছলেও, এটি নিয়ে আসল মজা হয়েছে গত বছরের একটি প্রদর্শনীতে (Exhibition)। সেখানে রজতাভ দত্তর স্ত্রী সোমাদত্তার সঙ্গে দেখা হয় সাহানার। হাসতে হাসতে সোমাদিই সাহানাকে বলেন, ‘হ্যাঁ রে, তোকে তো আমার সতীন বানিয়ে দিয়েছে লোকজন!’ অর্থাৎ, খোদ অভিনেতার পরিবারের কাছেও এই গুজব হাস্যরসের খোরাক হয়ে দাঁড়িয়েছে।
শাহরুখকে নিয়ে কেন রটনা নেই?
বিরক্ত সাহানা ফেসবুকের দেওয়ালে লিখেছেন, ‘অন্তর্জালে লোকে কতকিছুই লেখে-বলে—গল্পের গরুরা গাঁজা খেয়ে গাছে উঠে উড়াল দেয়।’ এরপরই তাঁর মোক্ষম খোঁচা—সবাই খালি তাঁকে রনিদার বউ বানাতেই ব্যস্ত কেন? তাঁর আক্ষেপ, “শাহরুখ খান আর আমার প্রেমটা নিয়ে কেউ কিছু কেন বলে না? বারবার খালি রনিদার বউ বানিয়ে ছাড়ে! আজব পাবলিক!

আসলে স্বামী কে?
ব্যক্তিগত জীবন নিয়ে সাহানা সবসময়ই স্পষ্টবক্তা। গায়ক শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে বিচ্ছেদের পর সাহানা লন্ডনের বাসিন্দা রিচার্ড হার্ডারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে, যার নাম রোহিণী। অথচ সেই সব বাস্তব তথ্য এড়িয়ে একদল নেটনাগরিক অবলীলায় তাঁকে রজতাভর স্ত্রী বানিয়ে দিয়েছেন। ২০০১ সালে নিজের কৈশোরের প্রেম শায়ান চৌধুরী অর্ণবে বিয়ে করেছিলেন সাহান। বিয়ের ৭ বছর পর তাদের ভালোবাসার সংসারে বিচ্ছেদ আসে। বর্তমানে দুজনেই পেতেছেন আলাদা সংসার। বিচ্ছেদ যন্ত্রণা ভুলে জীবনপথে অনেকটাই এগিয়ে গিয়েছেন।
সোশ্যাল মিডিয়ার এই ‘ফেক নিউজ’ কালচারে যে তিনি তিতিবিরক্ত, তা সাহানার রসিকতা মেশানো পোস্টেই স্পষ্ট। আপাতত তিনি লন্ডনের শান্ত জীবনে নিজের গান আর পরিবার নিয়েই ব্যস্ত, রনিদার ‘সতীন’ হয়ে থাকার বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই!