অনুষ্কা শর্মা ২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার ঘোষণা করেছিলেন, যা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। ছবিতে অনুষ্কার লুক সামনে এলেও, ছবি মুক্তি নিয়ে এখনো কোনো আপডেট নেই। খবর ছিল যে, ছবিটি নাকি নেটফ্লিক্সে স্ট্রিমি করা হবে, তবে অবাক করা ব্যাপার এখনো পর্যন্ত এই নিয়ে কোনো আপডেট দেননি অনুষ্কা শর্মা বা নির্মাতারা। যার পরে শোনা যায়, কোনো এক কারণে ছবির মুক্তি স্থগিত করা হয়েছে।
এবার অভিনেত্রী রেণুকা সাহানের পক্ষ থেকে এমন একটা পোস্ট করলেন, যা ফের উসকে দিয়েছে বিতর্ক। হতাশ করেছে অনুষ্কার ভক্তদের। ইনস্টাগ্রাম স্টোরিতে রেণুকা লেখেন, ‘চাকদা এক্সপ্রেসে আমার লুক আমার দারুণ লেগেছিল। এছাড়া প্রসিত রায় এবং চাকদা টিমের সঙ্গে কাজ করাও মজাদার ছিল, ইস ছবিটা যদি স্ট্রিম করা হত।’
আর রেণুকার এই পোস্ট দেখে অনুষ্কা ভক্তদের মনে আশঙ্কা আরও গুরুতর হয়েছে যে, বুঝি ছবিটি কোনোদিনই মুক্তি পাবে না! অনেকেই এই নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন লিখেছেন, ‘আমাদের জানা দরকার যে, চাকদা এক্সপ্রেসের কী হয়েছে, কেন সমস্যার সমাধান হচ্ছে না।’ আরেকজন লেখেন, ‘রেণুকার কথাগুলো পড়ে মনে হচ্ছে যে, ছবিটি আর কখনো মুক্তি পাবে না।’ অন্যজন লেখেন, ‘অনুষ্কা শর্মার উচিত ছবিটি নিয়ে একটা আপডেট অন্তত শেয়ার করার’।
ছবির পরিচালক প্রসিত রেণুকার স্টোরিটি শেয়ার করেছেন, এবং এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দুঃখও প্রকাশ করেছেন। ‘আজ অবধি, ছবিটি যারা যারা দেখেছেন, তারা আমাকে বলে চলেছেন যে ছবিটি তাদের মনে কতটা গভীরভাবে ছাপ ফেলেছে। এটি সত্যিকারের ট্র্যাজেডি। এটি সবার কাছে পৌঁছায়নি যা উচিত ছিল। দুর্ভাগ্যবশত, সিস্টেমটি এটিকে প্রাপ্য সুযোগ দেয়নি।’

চাকদা এক্সপ্রেস সিনেমাটি ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল। এটি প্রযোজনা করে ক্লিন স্লেট ফিল্মস, যা অনুষ্কা শর্মার ভাই কর্ণেশ শর্মার মালিকানাধীন। ছবিটির স্বত্ব নেটফ্লিক্সের হাতে। ২০২৫ সালে, মিড ডে রিপোর্ট করেছিল যে ভারতীয় মহিলা ক্রিকেট দল আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি জয়ের পরে ছবিটি মুক্তি পাবে। একাধিক রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, নেটফ্লিক্সের মাথাদের কারণে ছবিটির মুক্তি আটকে যায়। প্রোডাকশন হাউজের বাজেট ওভার হয় যায়। একইসঙ্গে যারা প্লাটফর্মের প্রধান, তারা যেভাবে প্রকল্পটি আকার নিচ্ছে তা পছন্দ করেননি।