মরান হাশমি আর মোহিত সুরি জুটি মানেই বক্স অফিসে এক অন্যরকম মায়াজাল। ২০০৭ সালের মুক্তিপ্রাপ্ত ‘আওয়ারাপন’ আজও সিনেমাপ্রেমীদের কাছে অন্যতম সেরা ‘ক্রাইম-ড্রামা’। দীর্ঘ দেড় দশক ধরে দর্শকরা চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন এই ছবির দ্বিতীয় ভাগের জন্য। অবশেষে প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মস (ভাট ক্য়াম্প) এই ছবির সিক্যুয়েল ঘোষণা করেছে। ইমরান দ্বিতীয় ভাগের অংশ হলেও, পরিচালকের আসনে থাকছেন না মোহিত সুরি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক মোহিত সুরি যে বোমা ফাটালেন, তাতে জলের মতো স্পষ্ট হল সবটা।
অফারই পাননি মোহিত:
যখন তাঁকে জিজ্ঞেস করা হয় কেন তিনি ‘আওয়ারাপন ২’ পরিচালনা করছেন না, মোহিত সপাটে উত্তর দেন, ‘আমাকে কখনও এই ছবির সিক্যুয়েলের প্রস্তাবই দেওয়া হয়নি। কোনো আলোচনাও হয়নি। তাই আমি করছি না— এই কথাটাই ভুল।’ পরিচালকের এই ক্ষোভ মিশ্রিত মন্তব্যে এটা স্পষ্ট যে, প্রযোজনা সংস্থা বিশেষ করে ভাট ক্যাম্পের সঙ্গে হয়তো সৃজনশীল কোনও দূরত্ব তৈরি হয়েছে।
পরিচালক আরও বলেন, ‘আমি ইমরানের সাথে কাজ করব। তার সাথে সমস্যা হ’ল আমি ইমরানে সাথে আটটি ছবি করেছি। তিনি আমাকে খুব ভাল জানেন। আমাকে আগামিতে তাঁকে উপযুক্ত একটি চরিত্র দিতে হবে; আমি কেবল তাকে কিছু অংশ করার জন্য তাড়াহুড়ো করতে পারি না। তবে আমি মনে করি এটি তার চেয়ে আমার পক্ষে বেশি উপকারী হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, পুরো ইন্ডাস্ট্রি এক দিকে, ইমরান হাশমি এক দিকে।’
জানিয়ে রাখি, ইমরান হাশমি এবং মোহিত সুরি মাসতুতো ভাই। দুজনেই মহেশ ভাট ও মুকেশ ভাটের বোনপো। অর্থাৎ আলিয়া ভাট-পূজা ভাটরা তাঁদের মামাতো বোন হন। একসঙ্গেই কেরিয়ার শুরু করেছিলেন মোহিত-ইমরান।

ইমরান হাশমির সেই আইকনিক ‘শিবম’:
‘আওয়ারাপন’ ছবির সেই লম্বা চুল, বিষণ্ণ চোখ আর ‘তোহি ইয়াতে’র মতো সুরের মূর্ছনা— ইমরান হাশমিকে ‘শিবম’ চরিত্রে দর্শক আইকন বানিয়ে ফেলেছিলেন। মোহিত সুরি মনে করেন, কিছু ছবি বা তার আবেগ একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি হয়। তাঁর কথায়, ‘আমি নিজে থেকে কখনও সিক্যুয়েলের পেছনে দৌড়াই না যদি না কোনো বলিষ্ঠ চিত্রনাট্য থাকে। আর এই ছবির ক্ষেত্রে তো ডাকই আসেনি।’