মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে- বিশ্বব্যাপী এমন আলোচনার মধ্যে নতুন করে বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শনিবার (১৪ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরিসরে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা চলছে যেন মনে হয় ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটগুলোতে চলাচল বন্ধ করে দিয়েছে।
আরাঘচি বলেন, সংঘাতকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বিশ্বের বিরুদ্ধে ইরানের অবস্থান। তিনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। তবে বর্তমানে এই পথটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজের জন্য বন্ধ রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বর্তমানে অন্য দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হচ্ছে না। অনেক ট্যাংকার ও জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাচ্ছে। যদিও নিরাপত্তা উদ্বেগের কারণে অনেক দেশের জাহাজ এ প্রণালি দিয়ে চলছে না বলে প্রতিবেদনে জানা যাচ্ছে।
হরমুজ প্রণালি খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েকটি দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানানোর পরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে এই নৌপথকে সচল রাখতে ভূমিকা রাখবে।