Abhaya Diwas। রাজ্যে আজ ‘অভয়া দিবস’! আরজি কর কাণ্ডের তদন্তে নয়া ধাপ

Spread the love

Abhaya Diwas: দু’বছর আগে ৯ অগস্ট। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার স্মরণে আজ, রবিবার রাজ্যজুড়ে পালিত হবে ‘অভয়া দিবস’। নতুন রাজ্য সরকারের নির্দেশে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দিনটি পালন করা হবে। পাশাপাশি, অভয়া কাণ্ডের তদন্তেও নতুন করে গতি আনার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

সরকারি নির্দেশ অনুযায়ী, আজ সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভয়ার আকস্মিক মৃত্যুকে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালন করা হবে। হবে প্রদীপ প্রজ্জ্বলনও। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথাও জানানো হয়েছে। অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বার্তা দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে।

অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে ‘অভয়া দিবস’-এর কর্মসূচি ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেও বাড়তি নজর রয়েছে।

অন্যদিকে, আর জি কর কাণ্ডের তদন্তে এবার নতুন করে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন রাতে যাঁরা তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন, যাঁরা তাঁর সঙ্গে ডিউটিতে ছিলেন এবং ঘটনার পর আর জি কর হাসপাতালে এসেছিলেন, তাঁদের প্রত্যেককে তলব করা হতে পারে। সেই রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদেরও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, তদন্ত থেকে যে তথ্য ও নির্যাস উঠে আসবে, তা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। তাঁর দাবি, পালাবদলের পর যে তদন্ত কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল, নতুন সরকার সেটিকে ফের সক্রিয় করেছে। বিচারবিভাগীয় তদন্ত যে প্রক্রিয়ায় চলছে, সেটিও চলবে। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পৃথক তদন্ত শুরু করা হচ্ছে।

নতুন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন প্রশাসনিক এবং বিভাগীয় ব্যবস্থার খতিয়ে দেখা। ওই সময় হাসপাতালে কর্মরত অধ্যাপকদের সঙ্গেও তদন্তকারীরা কথা বলবেন। হাসপাতালের কোথায় কোথায় প্রশাসনিক বা বিভাগীয় ফাঁক ছিল, সেই ফাঁক কেন তৈরি হয়েছিল এবং কীভাবে তা দীর্ঘদিন ধরে চলেছিল, তা খুঁজে দেখার চেষ্টা হবে।

অভয়ার মৃত্যুর পর হাসপাতালের পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী, হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং স্বাস্থ্য ব্যবস্থার অন্ধকার দিক সম্পর্কে তরুণী চিকিৎসক কিছু তথ্য জানতে পেরেছিলেন বলেও অভিযোগ উঠেছিল। তাঁকে মুখ বন্ধ করার জন্যই সরিয়ে দেওয়া হয়েছিল কি না, সেই অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *