এসআইআরের বিরুদ্ধে পথে নেমেছিলেন। এবার চূড়ান্ত ভোটার তালিকায় (অসম্পূর্ণ এখনও) অসংগতির তুলে পথে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মেট্রো চ্যানেলে এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। তিনি নিজে দুপুর দুটো থেকে অবস্থান-বিক্ষোভ ও ধরনায় বসবেন। তারপর তিনি পরবর্তী কর্মসূচির ঘোষণা করবেন। সেখানে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা থাকবেন।’ সেইসঙ্গে অভিষেক জানিয়েছেন, তৃণমূলের যে নেতা-কর্মীরা দূরে থাকেন, তাঁরা না আসলেও হবে। কারণ এখনও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ চলছে। কিন্তু যাঁরা কলকাতা ও কলকাতার পার্শ্বর্বর্তী অঞ্চলে থাকেন, তাঁদের ধরনা কর্মসূচিতে যোগ দিতে বলেছেন অভিষেক।
রিচা ঘোষের জেতানো বিশ্বকাপ ট্রফিও বিচারাধীন তালিকায়?
আর অভিষেক সেই ধরনা কর্মসূচির ঘোষণা করেছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে। সেই তালিকা অবশ্য এখনও অসম্পূর্ণ হয়নি। বাদ যেতে পারে আরও নাম। তারইমধ্যে বিচারাধীন তালিকায় ভারতের তারকা রিচা ঘোষের নাম থাকায় চূড়ান্ত উষ্মাপ্রকাশ করেছেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, ৫০ ওভারের বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে রিচার এত অবদান ছিল। আর তাঁকেই বিচারাধীন তালিকায় রাখা হল। তাহলে বিশ্বকাপও কি বিচারাধীন তালিকায় থাকবে?
বিজেপির আসন নেমে যাবে ৫০-র নীচে, দাবি অভিষেকের
তারইমধ্যে অভিষেক দাবি করেছেন, এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে চক্রান্ত করেও কোনও লাভ হবে না বিজেপির। এত কিছু করেও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৫০-র নীচে নেমে যাবে বলে দাবি করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছেন, এসআইআর করা হোক বা এফআইআর – ২০২৬ সালে বিজেপির আসন সংখ্যা ৫০-র নীচে নেমে যাবে। এক বছর আগেই সেটাই বলেছিলেন। এখনও সেটাই বলছেন বলে দাবি করেছেন অভিষেক।

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা
আর সেই তথ্য এমন একটা দিনে সামনে এসেছে, যেদিন চূড়ান্ত ভোটার তালিকা (আপাতত অসম্পূর্ণ তালিকা, কারণ পরবর্তীতে আরও তালিকা প্রকাশিত হবে) প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, গত ডিসেম্বরে প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকায় ৭ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল। ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছিল।আর শনিবারের চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার ২৮৪ জনের। বিবেচনাধীন পর্যায়ে আছে ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম।