ক্রিকেট খেলা পরিচালনা নয়, বিসিবির কাজ যেন সেই দেশের রাজনীতিতে গা ভাসিয়ে দেওয়া। এই প্রমাণ সাম্প্রতিক সময়ে বারবার দেখা গিয়েছে। আর এবার ফের এমনই এক নিদর্শন সামনে এল। প্রাক্তন বাংলাদেশি তারকা তামিম ইসলামকে ‘ভারতীয় দালাল’ বলে ডাকা ডিরেক্টর নাজমুল ইসলামকে পদে ফেরানো হয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন নাজমুল। তারপরেই ক্রিকেটাররা বিপিএল বয়কট করেছিলেন। তবে বিপিএল শেষ, বাংলাদেশের বিশ্বকাপের আশাও শেষ। এই আবহে নাজমুল ফের নিজের পদ ফিরে পেলেন।
উল্লেখ্য, স্বভাবতই বিশ্বকাপে খেলতে যেতে চেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিশ্বকাপে না খেলতে যেতে পারায় স্বভাবতই বাংলাদেশি ক্রিকেটারদের লোকসান হয়েছে। এই সংক্রান্ত ক্ষতিপূরণ তাদের দেওয়া হবে কি না, সেই প্রশ্নের জবাবে নিজের দেশের ক্রিকেটারদের অপমান করেছিলেন নাজমুল। তিনি বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেতে পেরেছি? কোনও একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
এরপরই নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন ক্রিকেটাররা। এই আবহে একদিন বিপিএলের খেলা বয়কট করেছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। যার জেরে বাতিল হয়েছিল দুটি ম্যাচ। পরে নাজমুলকে শোকজ করে তাঁকে পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। এখন বিসিবি জানাচ্ছে, নাজমুলের জবাবে তারা সন্তুষ্ট। এই আবহে নাজমুলকে পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও বিতর্কিত হয়েছিলেন তিনি।
