ভারতীয় ক্রিকেটের সেরা পারফর্মারদের কুর্নিশ জানাতে বিসিসিআই ঘোষণা করল ‘নমন অ্যাওয়ার্ডস ২০২৬’-এর বিজয়ীদের নাম। রবিবার নয়াদিল্লিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটারদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ২০২৪-২৫ মরশুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান
এবারের পুরস্কারের মূল আকর্ষণ ‘কর্নেল সি.কে. নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। ভারতীয় ক্রিকেটে অসামান্য সেবার জন্য প্রাক্তন বিসিসিআই সভাপতি রজার বিনি এবং প্রাক্তন প্রধান কোচ তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে এই সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হচ্ছে। দ্রাবিড়ের কোচিংয়ে ভারতের সাম্প্রতিক সাফল্য এবং বিনির খেলোয়াড় ও প্রশাসক হিসেবে অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, মহিলাদের ক্রিকেটে অবদানের জন্য ‘বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ।
বর্ষসেরা ক্রিকেটার: শুভমান গিল ও স্মৃতি মন্ধানা
২০২৪-২৫ মরশুমে আন্তর্জাতিক ক্রিকেটে দাপট বজায় রেখে পুরুষ বিভাগে ‘পলি উমরিগড় ট্রফি’ বা বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের শিরোপা জিতছেন শুভমন গিল। কেরিয়ারে দ্বিতীয়বার এই সম্মান পেতে চলেছেন তিনি। মহিলা ক্রিকেটে একইভাবে নিজের আধিপত্য বজায় রেখে পঞ্চমবারের মতো বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন স্মৃতি মন্ধানা। এছাড়া স্মৃতি ২০২৪-২৫ মরশুমে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবেও পুরস্কৃত হবেন।
অভিষেক হওয়া খেলোয়াড় ও বিশেষ সম্মান
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছরেই বাজিমাত করেছেন হর্ষিত রানা। ২০২৪-২৫ মরশুমে পুরুষদের মধ্যে সেরা আন্তর্জাতিক অভিষেক পুরস্কার পাচ্ছেন তিনি। মহিলাদের ক্ষেত্রে এই সম্মান পাচ্ছেন এন শ্রীচরণি। ওয়ানডে ক্রিকেটে বল হাতে সেরা পারফরম্যান্সের জন্য দীপ্তি শর্মাও বিশেষ সম্মান পাচ্ছেন।

ঘরোয়া ক্রিকেটের নক্ষত্ররা
ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ড নৈপুণ্যের জন্য মুম্বইয়ের আয়ুশ মাত্রে (সীমিত ওভার) এবং বিদর্ভের হর্ষ দুবে (রঞ্জি ট্রফি) ‘লালা অমরনাথ পুরস্কার’ পাচ্ছেন। রঞ্জি ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারি হিসেবে মাধবরাও সিন্ধিয়া পুরস্কারও পাচ্ছেন হর্ষ দুবে। ব্যাটারদের মধ্যে রঞ্জি ট্রফিতে এলিট গ্রুপে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ওয়াই ভি রাঠোর (বিদর্ভ) পুরস্কৃত হচ্ছেন। জগমোহন ডালমিয়া ট্রফি পাচ্ছেন মুম্বইয়ের ইরা যাদব (সেরা জুনিয়র মহিলা ক্রিকেটার) এবং শেফালি বর্মা (সিনিয়র ওয়ানডে)।
ঐতিহাসিক আইসিসি ট্রফি জয়ীদের সম্মান
২০২৬ সালের নমন অ্যাওয়ার্ডস একটি বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআই এবার সেই সমস্ত ভারতীয় দলকে বিশেষভাবে সম্মানিত করবে, যারা আইসিসি ট্রফি জিতেছে।
১) ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সিনিয়র পুরুষ দল।
২) ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী সিনিয়র মহিলা দল।
৩) ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী পুরুষ দল এবং ২০২৫ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী মহিলা দল।