পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড হারে ভোট পড়েছে। ১৫২টি আসনে প্রায় ৯৩ শতাংশ ছিল ভোটদানের হার। মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণবঙ্গ। বিগত বছরগুলিতে বাংলার যে সব জায়গায় রাজনৈতিক হিংসা খুব স্বাভাবিক দৃশ্যে পরিণত হয়েছে, তার মধ্যে অন্যতম হল ভাটপাড়া। এহেন ভাটপাড়া গতকাল উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি-তৃণমূল সংঘর্ষে। রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মতি ভবন স্কুলের সামনে পবন সিংয়ের নির্বাচনী প্রচার চলার সময় তা বানচালের চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। সেই সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। আহত হয় দুই দলেরই কর্মী সমর্থকরা।
পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি জানায় গেরুয়া শিবির। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক। পবন সিংয়ের অভিযোগ, তিনি যখন এলাকায় প্রচার করছিলেন, তখন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তাঁর দলবল নিয়ে সেখানে চড়াও হন। তাঁর প্রচারে উপস্থিত মহিলাদের নাকি হুমকি দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। এর প্রতিবাদে বিজেপি সমর্থকদের নিয়ে পবন সিং জগদ্দল থানা ঘেরাও করেন।
পবং সিং অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই আবহে তিনি নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে নালিশ জানাবেন। যদিও পবনের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে। তাঁর দাবি, সংঘর্ষের কোনও ঘটনাই ঘটেনি। তবে বিজেপির কর্মীদের উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা স্লোগান তোলে, তার পালটা স্লোগান তোলে বিজেপি কর্মীরাও। এছাড়া নাকি কোনও ভোটারকে ভয় দেখানোর ঘটনা সেখানে ঘটেনি।
