CBFC-র ছাড়পত্র পেল ধুরন্ধর ২! কোন কোন দৃশ্য পড়ল বাদ?

Spread the love

বলিউড সুপারস্টার রণবীর সিং-এর নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির জন্য প্রস্তুত। ইতিমধ্যেই ছবিটিকে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। তবে ছবির তীব্র সহিংসতা ও কঠোর ভাষার কারণে এটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ফলে ১৮ বছরের নিচের দর্শকদের জন্য এই ছবি প্রেক্ষাগৃহে দেখা নিষিদ্ধ।

ছবির মুক্তির আগে একাধিক পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির উপযুক্ত করতে মোট ২১টি কাট ও সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ দেওয়া হয়েছে, যা ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যকে প্রভাবিত করেছে।

বিশেষ করে চারটি দৃশ্যে বড়সড় কাট পড়েছে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার দৃশ্য থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। সিমেন্ট ব্লক দিয়ে হামলার দৃশ্যও সংক্ষিপ্ত করা হয়েছে। চোখে নির্মম আঘাতের একটি দৃশ্যেও কাটছাঁট করা হয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে শিরশ্ছেদ এবং লাথি মারার দৃশ্যে, যেখানে উল্লেখযোগ্য অংশ বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ছবির শুরুতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত সতর্কীকরণ বার্তা যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু দৃশ্য নয়, ছবির ভাষা নিয়েও আপত্তি তুলেছে বোর্ড। বেশ কিছু অশালীন শব্দ ও গালাগালিকে মিউট বা পরিবর্তন করতে হয়েছে। এমনকি দু’টি চরিত্রের নামও বদলাতে হয়েছে। সাবটাইটেলে ঐতিহাসিক ঘটনার উল্লেখ এবং একটি শহরের নাম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী সম্পর্কিত উল্লেখ ও সংবাদচিত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জমা দিতে হয়েছে। প্রাণী সংক্রান্ত দৃশ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শংসাপত্রও দিতে হয়েছে।

এত কাটছাঁটের পরও ছবির দৈর্ঘ্য কমেনি, বরং আগের পর্বের তুলনায় এখনও অনেকখানি বেশি। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবি প্রথম পর্বের থেকেও প্রায় ১৫ মিনিট বেশি দীর্ঘ। এখন দেখার বিষয়, এত বিতর্ক ও প্রত্যাশার মাঝে ধুরন্ধর ২ বক্স অফিসে কতটা সাফল্য পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *