আরব সাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ তৈরি হওয়ার আপডেট দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আর এর সাথেই মহারাষ্ট্রের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে আগামী দিনগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে, প্রবল বেগে বাতাস বইতে পারে মহারাষ্ট্রে। এরই সঙ্গে উপকূলে সমুদ্র অশান্ত হতে পারে। আইএমডি সতর্কতাতে বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব একাধিক উপকূলীয় জেলায় পড়তে পারে। এমনকী অভ্যন্তরীণ জেলাগুলিতেও এর প্রভাব পড়তে পারে।
ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে বর্ষা-পরবর্তী মরসুমের প্রথম ঘূর্ণিঝড় হবে। এর জেরে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আইএমডি অনুসারে, ঘূর্ণিঝড় শক্তি এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরব সাগরে অবস্থান করছে। গুজরাটের দ্বারকা থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত হয়েছিল এই ঘূর্ণিঝড়। শনিবার দুপুর ১২টায়, আইএমডি জানিয়েছে যে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরের উপর তীব্র ঘূর্ণিঝড় শক্তি গত ছয় ঘণ্টা ধরে ১৮ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘূর্ণঝড়টি উত্তর-পশ্চিম এবং সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরের উপর অক্ষাংশ ২২.০° উত্তর এবং দ্রাঘিমাংশ ৬৪.৫° পূর্ব দ্রাঘিমাংশের কাছে অবস্থান করছে, যা কি না দ্বারকা থেকে প্রায় ৪৭০ কিলোমিটার পশ্চিমে, নালিয়া থেকে ৪৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, করাচি (পাকিস্তান) থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মাসিরাহ (ওমান) থেকে ৬০০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।

ঘূর্ণঝড় শক্তি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য আরব সাগরে পৌঁছাবে এটি। ৬ অক্টোবর সকাল থেকে, এটি পূর্ব-উত্তর-পূর্ব দিকে ঘুরে ধীরে ধীরে দুর্বল হবে বলে আশা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার পর্যন্ত গুজরাট-উত্তর মহারাষ্ট্র উপকূল এবং পাকিস্তান উপকূল বরাবর সমুদ্র পরিস্থিতি উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের সতর্কতা জারি করে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম আরব সাগর, উত্তর-পূর্ব আরব সাগরের সংলগ্ন অঞ্চল, মধ্য আরব সাগর এবং গুজরাত-উত্তর মহারাষ্ট্র উপকূল বরাবর এবং দূরবর্তী অঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে।