শুভেন্দু অধিকারী বারবার যে পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের সঙ্গে সম্পর্কিত তিনটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ওই তিনটি জায়গার মধ্যে দুটি হল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের। ইডির আধিকারিকরা জানিয়েছেন যে বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলা সংক্রান্ত আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় সেই অভিযান চালানো হচ্ছে।
শান্তনুকে সরানোর দাবি তোলা হয় বিজেপির তরফে
সূত্রের খবর, আজ সকাল-সকাল শান্তনুর বালিগঞ্জ ফার্ন রোডের বাড়িতে হাজির হন ইডির অফিসাররা। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এমনিতে শান্তনুর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে বিজেপি। দিনকয়েক আগেই পদ্মশিবিরের তরফে অভিযোগ করা হয়, প্রকাশ্য মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন তিনি।
শান্তনুর বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর
আবার গত বছর অগস্টে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগ করেছিলেন, বেআইনিভাবে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। করা হয়েছে পদোন্নতিও। সেইসঙ্গে পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে কলকাতা পুলিশের পরিবারের সদস্যদের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেটার চিত্রনাট্য শান্তনুই তৈরি করেছিলেন বলে অভিযোগও তুলেছিলেন শুভেন্দু।

সোনা পাপ্পুর তদন্তে উঠে আসে জয়ের নাম
সেই শান্তনুর বাড়িতে তল্লাশির মধ্যেই বেহালায় জয়ের বাড়িতে ইডির রেড চলছে। সূত্রের খবর, গোলপার্কে গন্ডগোলের প্রধান অভিযুক্ত সোনার বাড়িতে তল্লাশির সময়ই জয়ের নাম সামনে এসেছিল। তারপর তাঁকে তলব করা হয়েছিল। তবে তাতে সাড়া দেননি জয়। যাঁর বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছে ইডি। আর রবিবার আরও একবার তাঁর বাড়িতে চলছে ইডির রেড।
আর ইডির সেই অভিযান চলছে, যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হতে আর চারদিন বাকি আছে। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। আর আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফার। দ্বিতীয় দফায় কলকাতায় ভোট হবে।