সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনও খবর মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে আর্থিক বিষয় সংক্রান্ত খবর সাধারণ মানুষকে দ্রুত প্রভাবিত করে। সম্প্রতি ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় একটি খবর তীব্র গতিতে ভাইরাল হয়েছিল। যেখানে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) পুরনো ৫০০ এবং ১,০০০ টাকার নোট বদলানোর জন্য নতুন নিয়ম জারি করেছে। কিন্তু আসল সত্যটি হল, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তি
গত কয়েকদিনে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে একটি বার্তা ঘুরে বেড়াচ্ছিল, যাতে দাবি করা হয়েছিল যে, সাধারণ মানুষ এখন তাঁদের কাছে থাকা পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে জমা দিয়ে নতুন নোট নিতে পারবেন। এই খবরের সঙ্গে এমন কয়েকটি লিঙ্কও শেয়ার করা হচ্ছিল, যা মানুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট ছিল।
PIB ফ্যাক্ট চেকের সাফ জবাব
সাধারণ মানুষের এই বিভ্রান্তি দূর করতে এবং গুজবের সত্যতা যাচাই করতে আসরে নামে ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ (PIB)-এর ফ্যাক্ট চেক টিম। পিআইবির তরফে স্পষ্টভাবে জানানো হয়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এমন কোনও নির্দেশিকা জারি করেনি। PIB তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভাইরাল হওয়া এই খবরটি পুরোপুরি মিথ্যা। আরবিরআইয়ের তরফে নোট বদল সংক্রান্ত কোনো নতুন নিয়ম বা সুযোগ দেওয়া হয়নি।
কেন ছড়ানো হয় এমন ভুয়ো খবর?
এই ধরণের খবর ছড়ানোর পেছনে একাধিক উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, কিছু ওয়েবসাইট ক্লিকবেট পাওয়ার জন্য বা ট্রাফিক বাড়ানোর জন্য এমন বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে। দ্বিতীয়ত, এটি মানুষকে আর্থিক জালিয়াতির ফাঁদে ফেলার একটি নতুন কৌশল হতে পারে। অনেক সময় এই ধরণের খবরের নিচে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করলে ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কিং ডিটেইলস চুরি হওয়ার ভয় থাকে। তাই কোনো সরকারি নির্দেশিকা সরাসরি RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.rbi.org.in) থেকে যাচাই না করে সেগুলোতে বিশ্বাস করা উচিত নয়।

কীভাবে সত্যতা যাচাই করবেন?
ডিজিটাল যুগে সচেতনতাই হল শ্রেষ্ঠ সুরক্ষা। কোনA আর্থিক সংক্রান্ত খবরের লিঙ্ক পেলে প্রথমেই দেখুন তা কোনো সরকারি ডোমেইন (.gov.in) থেকে এসেছে কিনা। যদি কোনও খবর অবিশ্বাস্য মনে হয়, তবে তৎক্ষণাৎ গুগলে গিয়ে সেই বিষয়টি সার্চ করুন। মনে রাখবেন, আরবিআই কোনও বড় সিদ্ধান্ত নিলে তা প্রতিটি সংবাদমাধ্যম এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়। হুট করে কোনও হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মেসেজকে সত্য বলে মেনে নেবেন না।