England coach on Viagra use in FIFA WC। দার্জিলিঙের থেকেও উঁচু মাঠে খেলা! ‘ভায়াগ্রা’ খেয়েই নামছে ইংল্যান্ড?

Spread the love

England coach on Viagra use in FIFA WC: বিশ্বকাপের ‘রাউন্ড অফ ১৬’-র ম্যাচের আগে জোড়া আতঙ্কে ভুগছে ইংল্যান্ড। একে তো কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য আয়োজক তথা এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল না খাওয়া মেক্সিকোর বিরুদ্ধে খেলতে হবে হ্যারি কেনদের। কিন্তু সেখানেই শুধু দুশ্চিন্তা কাটছে না। বরং ইংরেজদের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মেক্সিকো সিটির এস্তাদিও অ্যাজটেকা। যে স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৩৫০ ফুট উপরে অবস্থিত। বিষয়টা আরও সহজ করে বলতে গেলে দার্জিলিঙের থেকেও বেশি উচ্চতায় অবস্থিত বিশ্ব ফুটবলের অন্যতম আইকনিক স্টেডিয়াম এস্তাদিও অ্যাজটেকা।

আটলান্টা থেকে সটান এস্তাদিও অ্যাজটেকায়

এমনিতেই অতটা উচ্চতায় ম্যাচ খেলা কিছুটা কঠিন হয়। ইংল্যান্ডের জন্য কাজটা আরও কঠিন হবে, কারণ ‘রাউন্ড অফ ৩২’-তে ইংল্যান্ড যেখানে ম্যাচটা খেলেছে, সেই আমেরিকার আটলান্টা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১,০৫০ ফুট উঁচুতে অবস্থিত। মাত্র কয়েকদিনের ব্যবধানে একলপ্তে এত উঁচুতে খেলা মোটেও সহজ নয়। হাতে সময় কম থাকায় উচ্চতার সঙ্গে মানিয়ে নিয়েও প্রি-কোয়ার্টার ফাইনালে নামতে পারবে না ইংল্যান্ড। যা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ইংরেজরা।

ভায়াগ্রা খেয়ে নামলে কী হবে?

আর সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনও কোনও বিশেষজ্ঞ একটা উদ্ভট বুদ্ধি দেন। তাঁরা পরামর্শ দেন যে এতটা উচ্চতার মোকাবিলা করার জন্য ভায়াগ্রা খেতে পারেন ইংরেজ ফুটবলাররা। কারণ অতীতের গবেষণায় দেখা গিয়েছে যে রক্ত ​​সঞ্চালন ভালো করার যে ক্ষমতা আছে ভায়াগ্রার, সেটার কারণে অধিক উচ্চতায় প্রশিক্ষিত সাইকেল চালকদের হৃদযন্ত্র ও রক্তনালির কার্যকারিতা এবং শরীরচর্চাজনিত সক্ষমতার সূচক বেড়ে গিয়েছিল। আর সবথেকে বড় কথা যে ফিফার ডোপিং বিধির আওতায় পড়ে না ভায়াগ্রা।

সত্যিই ভায়াগ্রা খেয়ে নামবে ইংল্যান্ড? মুখ খুললেন কোচ

যদিও ইংল্যান্ড ফুটবলাররা যে সেই পথে হাঁটছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন কোচ টমাস টুচেল। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে নামার আগে সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে উচ্চতার মোকাবিলা করতে ফুটবলাররা ভায়াগ্রা খাবেন কিনা। সেই প্রশ্নের জবাবে হাসতে-হাসতে ইংল্যান্ডের কোচ বলেন, ‘এর স্বপক্ষে কোনও তথ্য আমার কাছে পৌঁছায়নি, তাই এটি সত্য নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *