বিমানে এবার টিকিট বুকিং-এর ৪৮ ঘণ্টার মধ্যে যদি তা পাল্টাতে হয় বা যদি তা বাতিল করতে হয়, তাহলে তার জন্য বাড়তি ট্যাঁকের কড়ি খসাতে আর হবে না! এমন নতুন নিয়ম জারি করল ডিজিসিএ। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। সেই সমস্ত শর্ত মেনে এই নিয়ম মানতে হবে।
সংশোধিত নিয়মের অধীনে, যাত্রীরা বুকিং করার ৪৮ ঘন্টার মধ্যে অতিরিক্ত চার্জ না দিয়েই বিমান টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন, কিছু শর্ত সাপেক্ষে। এছাড়াও, টিকিটে নামের ভুল সংশোধনের নিয়ম স্পষ্ট করেছে ডিজিসিএ। কোনও বিমান সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বুক করা টিকিটের ক্ষেত্রে, যাত্রীরা কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই বুকিংয়ের ২৪ ঘন্টার মধ্যে একই যাত্রীর নামে সংশোধনের অনুরোধ করতে পারবেন। ফলে এক্ষেত্রেও আর আলাদা করে টাকা কড়ি খরচ হবে না। ডিজিসিএর তরফে এই নয়া নিয়ম স্বভাবতই যাত্রী বান্ধব বলে জানা যাচ্ছে।
ডিজিসিএ জানিয়েছে।,’ট্রাভেল এজেন্ট বা পোর্টালের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে, ফেরতের দায়িত্ব বিমান সংস্থাগুলির উপর বর্তাবে কারণ এজেন্টরা তাদের নিযুক্ত প্রতিনিধি। বিমান সংস্থাগুলি নিশ্চিত করবে যে ফেরতের প্রক্রিয়া ১৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হচ্ছে।’ এদিকে, রিফান্ডের ক্ষেত্রেও একাধিক অভিযোগ এসেছে ডিজিসিএর কাছে। সেই জায়গা থেকেই এই বার্তা।
সংশোধিত নিয়মাবলীতে চিকিৎসাগত জরুরি অবস্থার কারণে টিকিট বাতিলের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে বিমান সংস্থাগুলি এই ধরনের অনুরোধগুলি দ্রুত এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারে। রিফান্ড নিয়ে অভিযোগের বিষয়টি বেশ কিছুদিন ধরেই ডিজিসিএর পর্যালোচনার মধ্যে ছিল। প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিগোর বিমান বিঘ্নের সময় বিষয়টি নজরে আসে, যখন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান সংস্থাটিকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিফান্ড সম্পূর্ণ করার নির্দেশ দেয়।
