Jagaddal। তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! ধৃত তৃণমূল কাউন্সিলর সহ ৪

Spread the love

ভোটের দু’দিন আগে রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থাকল জগদ্দল। সেই সংঘর্ষের সময় চলল গুলি। তাতে জখম হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। জানা গিয়েছে, জখম জওয়ান বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। জখম জওয়ানের নাম যোগেশ শর্মা। অভিযোগ, জগদ্দলের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। সেইসময়ই গুলিবিদ্ধ হন পবন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। পরিস্থিতি সামাল দিতে রাতেই নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে এই নিয়ে।

জানা গিয়েছে, জগদ্দলে আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষ হয়। জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। থানার সামনেই নাকি ইটবৃষ্টি শুরু করে তৃণমূল কর্মীরা। থানার সামনে অশান্তির পর তৃণমূলের কর্মীরা বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর বাড়িতে হামলা চালায়। সেই সময় নাকি গুলি চালানো হয়েছিল। সেই গুলিতেই এক সিআইএসএফ জওয়ানের পায়ে গুলিবিদ্ধ হন। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভাটপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবার পালটা অভিযোগ করেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন। এদিকে এলাকায় আজ সকালেও থমথমে পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। অশান্তির ঘটনার পরই ধরপাকড় শুরু করে পুলিশ। তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরই সঙ্গে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *