বিয়ের সানাই বেজে গিয়েছে! রাত পোহালে শুধু চারহাত হবে এক! বিশ্বকাপের পর এবার বিয়ে সেরে ফেলতে চলেছেন ভারতের স্টার স্পিনার কুলদীপ যাদব। উত্তর প্রদেশের এই ক্রিকেটারের বিয়ে হচ্ছে তাঁরই দীর্ঘদিনের সঙ্গীনি বংশিকার সঙ্গে। বিয়ের আসর ঘিরে ইতিমধ্যেই জমজমাট নাচ গান শুরু! পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের স্পিন বোলিং অ্যাটাকের কুল-চা জুটির চাহাল। কুলদীপের বিয়ের গায়ে হলুদে চাহালের নাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল! তবে খবর এই বিয়ের চাঁদের হাটে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার জুটি রো-কোও হাজির হতে পারেন!
কুলদীপের বিয়ের আসর বসেছে মুসৌরিতে। মুসৌরির বিখ্যাত স্যাভোয় হোটেল ইতিমধ্যেই সেজে উঠেছে কুলদীপের বিয়ে উপলক্ষ্যে। বিয়ের আসর ১৪ মার্চ। তার আগে, আজ হয়ে গিয়েছে গায়ে হলুদ। আগামীকাল বসছে বিয়ের আসর। বেশ কিছু রিপোর্ট বলছে, মুসৌরিতে, কুলদীপের বিয়ের আসরে, রোহিত শর্মা পৌঁছতে পারেন। এছাড়াও জানা যাচ্ছে, বিয়ের আসর মাত করতে, পৌঁছে যেতে পােরন বিরাটও। তাঁরা দুজনেই সস্ত্রীক আমন্ত্রিত বলে খবর। এদিকে, আজ কুলদীপের গায়ে হলুদের অনুষ্ঠানে কুলদীপকে নিজের হাতে হলুদ লাগিয়ে নেচে মাতোয়ারা হন চাহাল।
কুলদীপের পরণে এদিন ছিল হালকা গোলাপী রঙের শেরওয়ানি। তাঁর হবু স্ত্রী বংশিকার পরণে ছিল গাঢ় গোলাপি শাড়ি। মুসৌরির মনোরম পরিবেশে এই বিয়ের আয়োজন সেজেছিল রাজকীয় সাজে।
রিপোর্টে বলা হয়েছে, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার, বর্তমান ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তারকা রিঙ্কু সিং এবং তিলক ভার্মা অন্যান্য হাই-প্রোফাইল ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, আমন্ত্রিত রয়েছেন বুমরাহও।

তবে চাহাল দেরাদুনে নেমেই বলেছেন, ‘আমি আমার ভাইয়ের বিয়ে নিয়ে খুব উত্তেজিত। আমি অনেক নাচবো এবং উপভোগ করবো।’ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে থাকার কারণে কুলদীপ ২০২৫ সালের নভেম্বরে নির্ধারিত বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন। কানপুরের বাসিন্দা এই দম্পতি গত বছর লখনউয়ের একটি হোটেলে বাগদান করেন। বংশিকা বর্তমানে একজন এলআইসি কর্মী হিসেবে কাজ করেন।