Mamata on Maldah SIR Protest। এসআইআর বিক্ষোভের নামে তাণ্ডব! ‘আর কত অপমানিত হব?’

Spread the love

এসআইআরে নাম না থাকা ভোটাররা ঘেরাও করেছিলেন বিচারকদের। সেই ঘটনায় এবার বিজেপির দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের নাম না নিয়েও তোপ দেগেছেন মমতা। এই আবহে কারও ‘প্ররোচনায়’ পা না দেওয়ার জন্য আবেদন করেন তৃণমূল সুপ্রিমো। আজ সাগরদিঘি থেকে মমতা বলেন, ‘দয়া করে প্ররোচনায় পা দেবেন না। লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। বিজেপি কয়েকজনকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। বিজেপির এটা গেমপ্ল্যান। এখানে নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতেই চাইছে বিজেপি। আপনারা কি জানেন না, যাঁরা আন্দোলন করেছে তাঁদের বিরুদ্ধে সিবিআই করেছে, এনআইএ করেছে।’

এরপর এআইএমআইএম এবং হুমায়ুনের জোটকে তোপ দেগে মমতা বলেন, ‘হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি কটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল? যদি আমার উপর বিশ্বাস থাকে, তা হলে দয়া করে উত্তেজনায় পা দেবেন না। রক্ষা করুন বাংলাকে। মুর্শিদাবাদকে রক্ষা করুন। নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের, কাউকে আমি বার করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না।’

এরপর নির্বাচন কমিশনের দিকেও আঙুল তোলেন মমতা। তিনি অভিযোগ করেন, বিচারকদের নিরাপত্তা দিতে পারেনি কমিশন। এরপর এসআইআর বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা আরও বলেন, ‘আপনাদের ক্ষোভ ন্যায্য। কিন্তু তাই বলে আইন হাতে তুলে নেবেন না। লড়াইয়ের রাস্তাটা বন্ধ করে দেবেন না। রাজ্যের বদনাম হয়েছে। নতুন মুখ্যসচিব সামলাতে পারেননি। আপনারা চান আমি অপমানিত হই? আর কত অপমানিত হব? আপনারা চান বিজেপির হাতে বাংলাটাকে তুলে দিতে? তা হলে আমায় কথা দিন, শান্ত থাকবেন। কাকে কান নিয়ে গিয়েছে বলে দৌড়োবেন না। কারণ ওটা বিজেপির কাক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *