Mamata’s prediction on WB Election 2026। ছাব্বিশে ২২৬-রও বেশি আসন পাবে TMC! দাবি মমতার

Spread the love

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২২৬টির বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস – এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দাবি করেন, এবার ভোটের পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। বিধানসভা নির্বাচনে বাংলার মা-মাটি-মানুষেরই জয় হবে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। সেই রেশ ধরে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানিয়ে মমতা বলেন যে যিনি মেঘের আড়াল থেকে খেলছেন, তিনি কেন আড়ালে আছেন? বিজেপির প্রার্থী হয়ে যান। শুধু তো বিজেপির প্রার্থী হওয়া বাকি আছে বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

রেকর্ড গড়ে ক্ষমতায় আসতে হবে তৃণমূলকে

আর মুখ্যমন্ত্রী যে ভবিষ্যদ্বাণী করেছেন, সেটা যদি মিলে যায়, তাহলে ইতিহাস গড়বে তৃণমূল। কারণ আগের তিনবারও এত আসন পেয়ে ক্ষমতায় আসেনি। সেইসব রেকর্ড ভেঙেচুরে তৃণমূল ক্ষমতায় আসবে কিনা, তা বোঝা যাবে আগামী ৪ মে। সেদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা হবে। তার আগে দু’দফায় ভোট হবে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। আর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। তারপর মে’র গোড়ায় ফলপ্রকাশ হবে।

প্রার্থীতালিকা ঘোষণার সময় কী কী বললেন মুখ্যমন্ত্রী?

১) মমতা: বিজেপির টুঁটি টিপে ধরবেন। ওদের চন্দ্র-সূর্য-গ্রহ-তারাও ক্ষমা করবে না। এবার আরও বেশি আসনে জিতব আমরা – বয়কট টু বিজেপি। আমার আবেদন, ‘ভোট ফর তৃণমূল’ এবং ‘ভোট ফর বাংলা’।

২) মমতা: এটা হল বাংলার অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে দিল্লি জিতবে না। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু একটি ক্ষমতা কাড়তে পারেননি। সেটা হল মানুষের ক্ষমতা।

৩) মমতা: বিজেপি, এত ভয় পাচ্ছেন কেন? এজেন্সির মাধ্যমে কলকাঠি না নেড়ে, বাইরে থেকে লাখ-লাখ লোক না নিয়ে এসে, গ্যাসের সংকটের পরিবর্তে লড়াইয়ে আসুক বিজেপি। শান্তি এবং সৌজন্য রক্ষা বজায় রাখা হোক। সেভাবেই লড়াই হোক। বিজেপির (নির্বাচন) কমিশনকে বলব, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *