Petrol & Diesel Price Slashed in India। পেট্রোল ৫, ডিজেল ৩ টাকা সস্তা

Spread the love

জুলাই মাসের শুরুতেই জ্বালানির বাজারে স্বস্তির খবর। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে। ১ জুলাই থেকে সংস্থার পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমেছে। গত দু’বছরেরও বেশি সময়ে দেশের কোনও বড় জ্বালানি সংস্থার এটাই প্রথম উল্লেখযোগ্য মূল্যহ্রাস বলে মনে করা হচ্ছে।

দেশজুড়ে নায়ারা এনার্জির প্রায় ৭,০০০ পেট্রোল পাম্প রয়েছে। ফলে সংস্থার আউটলেট থেকে জ্বালানি কিনলে গ্রাহকেরা এই মূল্যছাড়ের সুবিধা পাবেন। তবে বিভিন্ন রাজ্যে ভ্যাট ও অন্যান্য স্থানীয় করের হারের পার্থক্যের কারণে চূড়ান্ত খুচরো দামে কিছুটা তারতম্য হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির উন্নতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসাই এই সিদ্ধান্তের মূল কারণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ফলে বিশ্ববাজারে তেল সরবরাহের উদ্বেগ অনেকটাই কমেছে। তারই প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামে এবং সেই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই মূল্যছাড়ের সিদ্ধান্ত নিয়েছে নায়ারা এনার্জি।

তবে বেসরকারি সংস্থার এই উদ্যোগের পরেও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এখনও দাম অপরিবর্তিত রেখেছে। Indian Oil Corporation (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর পাম্পে পেট্রোল ও ডিজেল আগের দামেই বিক্রি হচ্ছে। ফলে আপাতত মূল্যছাড়ের সুবিধা কেবল নায়ারা এনার্জির গ্রাহকেরাই পাবেন।

উল্লেখ্য, ইরান-আমেরিকা সংঘাত এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। তার প্রভাব ভারতীয় বাজারেও পড়ে। নির্বাচনের আগে পর্যন্ত কেন্দ্র সরকার খুচরো জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখলেও, তেল বিপণন সংস্থাগুলির ওপর আর্থিক চাপ বাড়তে থাকে। পরবর্তীতে ধাপে ধাপে পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি পায়।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি সংস্থাগুলিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য কমার সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরো দাম কমানোর আহ্বান জানান। তাঁর এই মন্তব্যের পরই নায়ারা এনার্জির মূল্যছাড়ের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পমহল। এখন নজর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও আগামী দিনে জ্বালানির দাম কমানোর পথে হাঁটে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *