সকাল-সকাল বৃষ্টি নামল দক্ষিণবঙ্গের জেলায়। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়-বৃষ্টি হবে। প্রতিটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে।
কোন জেলায় ঝড়ের বেগ কতটা থাকবে?
১) কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং নদিয়ায় ভোটগ্রহণ চলছে। অর্থাৎ যে জেলাগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে পাঁচটিতেই ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইবে।
২) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ কিছুটা কম থাকবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

এখনই কয়েকটি জেলায় সতর্কতা জারি
তারইমধ্যে কলকাতা, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ৮ টা ৫০ মিনিট থেকে পরবর্তী দু’ঘণ্টা থেকে তিন ঘণ্টায় ওই তিন জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দমকা হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি থাকবে।