বর্তমানে কাপুর পরিবারের উত্তরাধিকার বহন করছেন রণবীর কাপুর, করিনা-করিশ্মারা। অভিনেতা হিসেবে বরাবরই দশে দশ পেয়ে এসেছেন রণবীর। ছোট থেকেই যদিও তাঁর অভিনয়ের পরিবেশেই বড় হওয়া। তবে শুনলে অবাক হবেন, তিনিই কাপুর পরিবারের প্রথম ছেলে, যিনি ক্লাস টেনের গণ্ডি পেরিয়েছেন। আর সেই আনন্দে বোর্ডের ফলাফল আসার পর, বেশ বড় একটা পার্টি দিয়েছিলেন কাপুররা।
বছরখানেক আগে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডলি ওরফে ‘রাজু কি মাম্মি’-র প্রশ্নের উত্তরে রণবীর বলেছিলেন, ‘ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় ৫৩.৪% পেয়েছিলাম। রেজাল্ট দেখে আমার পরিবার তো খুব খুশি। আমার জন্য বিরাট একটা পার্টি রেখেছিল। আসলে আমাদের পরিবার থেকে আমিই প্রথম ছেলে যে ক্লাস টেনের পরীক্ষায় পাশ করি।’ রণবীর আরও জানিয়েছিলেন তিনি ক্লাস টেনের পর কমার্স নিয়ে পড়াশোনা করে, বিষয় ছিল অ্যাকাউন্টেন্সি।
এর আগে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমার বাবা (ঋষি কাপুর) এইট পাশ, আমার কাকা (রণধীর কাপুর) নাইন পাশ, আমরা ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস সিক্স অবধি পড়াশোনা করেছেন।
কাজের সূত্রে, রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের সিনেমা অ্যানিম্যাল-এ। বিশ্বব্যপী ৯০০ কোটি টাকার বেশি ব্যবসা করে এই সিনেমা। আপাতত রামায়ণ মুক্তির অপেক্ষায় তিনি। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করেছেন সাঁই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। দু’টি ভাগে মুক্তি পাবে ‘রামায়ণ’। দু’টি ভাগের প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি তার পরের বছর ২০২৭-এর দীপাবলিতে।
