সল্টলেকে পার্কিং জোনের সংখ্যা আরও বৃদ্ধি পেল। যেখানে টাকা দিয়ে গাড়ি বা বাইক পার্কিং করতে হবে। বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষের তরফে যে নয়া তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নতুন করে আটটি জায়গা যুক্ত করা হয়েছে। বাদ পড়েছে পুরনো চারটি জায়গা। অর্থাৎ এই মুহূর্তে সবমিলিয়ে সল্টলেকের ১৮টি জায়গাকে ‘ফি পার্কিং জোন’ হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। যেখানে টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য গাড়ি রাখা যাবে। সেইসঙ্গে পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোনও স্কুলের গেটের সামনে পার্কিং করতে দেওয়া হবে না। তবে পড়ুয়াদের গাড়ি থেকে নামানো এবং তোলার জন্য সময় দেওয়া হবে। সেজন্য ১৫ মিনিট বরাদ্দ থাকবে বলে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
কোন গাড়ির পার্কিং ফি কত ধার্য করা হয়েছে?
১) চার-চাকা গাড়ির পার্কিং ফি: নিয়ম অনুযায়ী, চার-চাকা গাড়ির ক্ষেত্রে প্রথম ঘণ্টায় খরচ পড়বে ২০ টাকা। তারপর থেকে প্রতি ঘণ্টায় ১৫ টাকা দিতে হবে।
২) বাইকের পার্কিং ফি: আবার দু’চাকা গাড়ির ক্ষেত্রে প্রথম ঘণ্টায় পার্কিং ফি বাবদ গুনতে হবে ২০ টাকা। তারপর প্রতি ঘণ্টার জন্য পাঁচ টাকা দিতে হবে চালকদের।

৩) বাস বা লরির পার্কিং ফি: বাস বা ট্রাকের ক্ষেত্রে স্বভাবতই টাকার অঙ্কটা কিছুটা বেশি রাখ হয়েছে। প্রথম ঘণ্টায় পার্কিং ফি ধার্য করা হবে ৫০ টাকা। তারপর থেকে প্রতি ঘণ্টার জন্য বাস বা ট্রাক চালকদের ৩৫ টাকা দিতে হবে।
তারইমধ্যে যাঁরা পার্কিং জোনের দায়িত্বে থাকবেন, তাঁদের সুবিধার জন্যও একটি অ্যাপের ব্যবস্থা করেছে বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ। সূত্রের খবর, যে পার্কিং জোনের দায়িত্বে যিনি থাকবেন, তাঁকে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে, যাতে কতগুলি গাড়ি ঢুকছে, কতগুলি বেরিয়ে যাচ্ছে, সেটা গোনা যায়।