SSC Class IX-X Teachers Recruitment। ‘লেট’ হয়েই চলেছে SSC নবম-দশম শিক্ষক নিয়োগ

Spread the love

এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও জটে পড়ল। সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, ফেব্রুয়ারির আগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে না। একাদশ-দ্বাদশ শ্রেণির কাউন্সেলিং শুরু হওয়ার পরই চাকরিপ্রার্থীদের নবম-দশমের শিক্ষক নিয়োগের জন্য ভেরিফিকেশনে ডাকা হবে। অর্থাৎ অপেক্ষা করতে হবে এখনও। আর আপাতত যা ইঙ্গিত মিলেছে, তাতে আগামী ২১ জানুয়ারির মধ্যে একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করা হবে। তারপর মাসের শেষের দিক থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগে নবম-দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা দেখছে না সংশ্লিষ্ট মহল। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে এসএসসির তরফে কিছু জানানো হয়নি।

এখনও নবম-দশমের নিয়োগ শেষ হতে অনেক সময় লাগবে

এমনিতে নিয়ম অনুযায়ী, ভেরিফিকেশনের পরে প্রার্থীদের ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন প্রক্রিয়া হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য মোটামুটি দু’সপ্তাহ লেগেছিল। নবম-দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। তারপর ধাপে-ধাপে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন হবে। তারপর প্রকাশিত হবে চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল। সেই প্যানেলে যে প্রার্থীদের নাম থাকবে, তাঁদের কাউন্সেলিংয়ে ডাকা হবে। তারপর সুপারিশপত্র দেবে এসএসসি। আর সবশেষে মিলবে নিয়োগপত্র। ফলে চাকরি পেতে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রার্থীদের অতদিন অপেক্ষা করতে হবে না

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চাকরিপ্রার্থীদের অবশ্য অতদিন অপেক্ষা করতে হবে না। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যেই স্কুলে যোগ দিয়ে ফেলবেন এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের প্রার্থীরা। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। অর্থাৎ প্যানেলে যে প্রার্থীদের নাম থাকবে, তাঁদের স্কুল বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।

সফল প্রার্থীরা নিজেদের পছন্দ মতো স্কুল বেছে নেওয়ার পরে তাঁদের সুপারিশপত্র দেবে এসএসসি। তারপর নিয়োগপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। আর কাউন্সেলিং থেকে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়ার জন্য ১৫ দিনের মতো লাগবে বলে আশা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *