Star Jalsha Ganga। গঙ্গা যেখানে টেনশন নেই সেখানে! খাঁকি উর্দিতে সাহেব

Spread the love

একদিকে গঙ্গার পলিমাখা সংগ্রাম, অন্য দিকে পুলিশের উর্দিতে কর্তব্যের টানাপোড়েন। এই দুই বিপরীত মেরুর সমীকরণ নিয়েই স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘গঙ্গা’। নাম ভূমিকায় ছোট পর্দার পরিচিত মুখ হিয়া মুখোপাধ্যায়। আর তাঁর বিপরীতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে থাকছেন সাহেব ভট্টাচার্য। জল্পনা ছিলই, তবে প্রোমো প্রকাশ্যে আসতেই স্পষ্ট— গঙ্গার বাঁকে বাঁকে এবার জমাট বাঁধবে সাহেব-হিয়ার প্রেমের গল্প।

গঙ্গার লড়াই বনাম অর্জুনের ডিউটি:

‘গীতা এলএলবি’-র সেই লড়াকু ইমেজ ঝেড়ে ফেলে হিয়া এবার গঙ্গার ঘাটে পয়সা কুড়ানো প্রাণোচ্ছ্বল মেয়ে। যাঁর জীবন চলে নদীর বুক থেকে ডুব দিয়ে খুচরো পয়সা কুড়িয়ে। পেটের টান আর গঙ্গার ঢেউ— এই তাঁর চেনা জগত। ঠিক উল্টো দিকে সাহেব ভট্টাচার্য ওরফে ‘অর্জুন’। এক স্বচ্ছল পরিবারের সৎ এবং কঠোর পুলিশ অফিসার। যাঁর লক্ষ্য একটাই, শহর থেকে দুষ্কৃতী সাফ করা। প্রোমোতে সাহেবের সেই নির্লিপ্ত স্বীকারোক্তি নজর কেড়েছে দর্শকদের— ‘আমার জীবনে কোনও রং নেই। শুধু ডিউটিটাই আছে।’

ত্রিকোণ প্রেমের ইঙ্গিত:

গল্পের মোড় ঘুরছে অন্য জায়গায়। গঙ্গা আর অর্জুনের এই অসম প্রেমের মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারেন কৌশাম্বি চক্রবর্তী। প্রোমোতে তাঁর উপস্থিতিই বলে দিচ্ছে, অর্জুনের জীবনে রঙের অভাব থাকলেও, কৌশাম্বির চরিত্রটি সেই শূন্যস্থান পূরণের চেষ্টায় থাকবে। গঙ্গা আর অর্জুনের এই গল্পে কৌশাম্বি কি শেষমেশ ‘কাঁটা’ হয়ে দাঁড়াবেন, নাকি অন্য কোনও রহস্যের মেঘ ঘনীভূত হবে, তা নিয়েই এখন জোর চর্চা টেলিপাড়ায়।

নতুন রসায়নের আশায় ভক্তরা:

সাহেব ভট্টাচার্যকে এর আগে ‘কথা’র এভি হিসেবে দেখেছেন দর্শক। অন্য দিকে হিয়াও নিজের অভিনয় দক্ষতায় মন জয় করেছেন আগেই। এই নতুন জুটির ফ্রেশ কেমিস্ট্রি কতটা প্রভাব ফেলে রেটিং চার্টে, সেদিকেই নজর বিনোদন জগতের। গঙ্গার পবিত্রতা আর অপরাধ জগতের অন্ধকারের বিরুদ্ধে অর্জুনের জেহাদ মিলেমিশে এই মেগা কতটা ‘সুপারহিট’ হয়, এখন সেটাই দেখার।

সাহেব-সুস্মিতা জুটিকে এখনও ভুলতে পারেনি দর্শক। এর মাঝেই হিয়ার হাত ধরছেন সাহেব। এই জুটিকে দর্শক মনে ছাপ ফেলতে বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। বড় প্রশ্ন, কোন স্লটে আসবে এই মেগা? এখনও চ্যানেলের তরফে কোনওরকম ইঙ্গিত দেওয়া হয়নি। তবে জলসায় ইতিমধ্যেই শেষ হয়েছে শুভবিবাহ-র শ্য়ুটিং পর্ব। মার্চের গোড়াতেই অফ-এয়ার যাবে সোনামণি-হানি বাফনার এই মেগা সিরিয়াল। বর্তমানে রাত ১০.৩০টায় সম্প্রচারিত হয় এই মেগা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *